আওয়ামী লীগের লকডাউনে গোপালগঞ্জে থমথমে পরিস্থিতি, মহাসড়কে ব্যারিকেড

- সংবাদ প্রকাশের সময় : ১০:১১:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ৪৮ ঘণ্টার লকডাউনের প্রথম দিনেই গোপালগঞ্জে নেমে এসেছে নীরবতা। রবিবার (২৯ নভেম্বর) সকাল থেকে জেলার সড়ক-মহাসড়কে যানবাহন চলাচল প্রায় বন্ধ রয়েছে। দূরপাল্লার বাসও চলছে না। শহরের দোকানপাট বন্ধ থাকায় সাধারণ মানুষের চলাচলও সীমিত হয়ে পড়েছে।
সকাল থেকে শহরের প্রধান সড়কসহ বিভিন্ন এলাকায় হাতে গোনা কয়েকটি রিকশা, ভ্যান ও মোটরসাইকেল চলাচল করতে দেখা গেছে। স্থানীয়দের ভাষ্য, ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ অংশের ৬৭ কিলোমিটারের বিভিন্ন স্থানে ব্যারিকেড দেওয়া হয়েছে। লকডাউন ঘিরে সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতির আশঙ্কায় প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না বাসিন্দারা।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে সকাল থেকেই শহরের বিভিন্ন এলাকায় টহল দিচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিরাপত্তা চৌকি বসিয়েছে পুলিশ। পাশাপাশি গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি স্থাপনার সামনে দায়িত্ব পালন করছেন আনসার ব্যাটালিয়নের সদস্যরা।
গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. হেলালউদ্দিন ভূঁইয়া জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন। সাধারণ মানুষের জানমাল এবং সরকারি সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, গোপালগঞ্জের সার্বিক নিরাপত্তায় বর্তমানে ৫৮ প্লাটুন বিজিবি, ১৫ প্লাটুন আনসার এবং ২ হাজার ৩৫০ জন পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন। এ ছাড়া এসআরবি ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আছেন।
লকডাউনের প্রথম দিনেই যানবাহন চলাচল ও জনজীবনে এমন স্থবিরতা তৈরি হওয়ায় জেলার সার্বিক পরিস্থিতির ওপর নজর রাখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।





















