মস্কোর আন্তর্জাতিক মিডিয়া অ্যাওয়ার্ডে সম্মাননা পেলেন বাংলাদেশের পাঁচ সাংবাদিক

- সংবাদ প্রকাশের সময় : ১০:৫৯:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
রাশিয়ার রাজধানী মস্কোয় অনুষ্ঠিত পঞ্চম ‘Honest View International Media Award 2026’-এ অংশ নিয়ে সম্মাননা অর্জন করেছেন বাংলাদেশের সাংবাদিকেরা। এ আয়োজনে বাংলাদেশের আমন্ত্রিত পাঁচ সাংবাদিকের মধ্যে ড. মো. আবদুল কাবিল খান সেরা পুরস্কার পেয়েছেন। সম্মাননা লাভ করেছেন প্রতিনিধিদলের অন্য চার সাংবাদিকও।
বাংলাদেশের প্রতিনিধিদলে ছিলেন রুপসী বাংলা ৭১-এর সম্পাদক গৌতম কুমার এদবর, সময় টেলিভিশনের আবু সাঈদ নিশান, দেশ টিভির সঞ্জু রায় এবং দ্য শাটল টাইমসের মাজহারুল ইসলাম।
গত ১৯ নভেম্বর মস্কোর স্থানীয় সময় বিকেল ৫টায় বালচুগ কেম্পিনস্কি হোটেলে আন্তর্জাতিক এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্বের ৮৫টিরও বেশি দেশ থেকে ৮০০-এর বেশি আবেদন জমা পড়ে। সেখান থেকে প্রায় ১০০ জন সাংবাদিক ও গণমাধ্যমকর্মীকে চূড়ান্ত পর্বে আমন্ত্রণ জানানো হয়। বিভিন্ন বিভাগে সেরা পুরস্কার দেওয়া হয় ২১ জনকে।
রাশিয়ার সরকারি প্রতিষ্ঠান রসোট্রুডনিচেস্টভো (Rossotrudnichestvo) আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের সাংবাদিকেরা পেশাগত অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পান। পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমের ভূমিকা, রাশিয়ার সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কেও জানার সুযোগ তৈরি হয়।
মস্কোর ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে পরিচয়
পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পাশাপাশি মস্কোর ঐতিহাসিক, সাংস্কৃতিক ও দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখেন বাংলাদেশি সাংবাদিকেরা। তাঁদের পরিদর্শনসূচিতে ছিল রেড স্কয়ার, ভিডিএনএইচ প্রদর্শনী কেন্দ্র, দ্য স্টেট ট্রেটিয়াকভ গ্যালারি, মোসকিনো ফিল্ম পার্কসহ শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনা।
বিশেষভাবে দ্য স্টেট ট্রেটিয়াকভ গ্যালারিতে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও পরিচিতি নিয়ে একটি তথ্যসমৃদ্ধ উপস্থাপনা তুলে ধরা হয়। এর মাধ্যমে সেখানে উপস্থিত দর্শনার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা বাংলাদেশ সম্পর্কে জানার সুযোগ পান। আয়োজকদের এ উদ্যোগ আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের পরিচিতি তুলে ধরার পাশাপাশি রাশিয়ার মানুষের মধ্যে দেশটি সম্পর্কে আগ্রহ তৈরিতে ভূমিকা রাখে।
দুই দেশের গণমাধ্যম ও সাংস্কৃতিক সম্পর্ক জোরদারের প্রত্যাশা
বাংলাদেশি সাংবাদিকদের মস্কো সফরের আবাসন, যাতায়াতসহ যাবতীয় ব্যয় বহন করেছে রাশিয়ার আয়োজক কর্তৃপক্ষ। সাংবাদিকদের অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি দুই দেশের গণমাধ্যম ও সাংস্কৃতিক যোগাযোগ বাড়ানোর ক্ষেত্রেও এ সহযোগিতাকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
শিক্ষা, প্রযুক্তি, শিল্প ও মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে দীর্ঘদিন ধরে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা করে আসছে রাশিয়া। উচ্চশিক্ষায় বৃত্তি, উচ্চতর ডিগ্রি অর্জনের সুযোগ, শিক্ষা ও প্রশিক্ষণ এবং বিভিন্ন আন্তর্জাতিক কর্মসূচির মাধ্যমে বাংলাদেশি শিক্ষার্থী ও পেশাজীবীদের জন্য সম্ভাবনার ক্ষেত্র তৈরি হয়েছে। বছরজুড়েই শিক্ষা, সংস্কৃতি ও প্রশিক্ষণভিত্তিক নানা আয়োজনের মধ্য দিয়ে দুই দেশের যোগাযোগ বাড়ানোর উদ্যোগ চলছে।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, মস্কোর এ আন্তর্জাতিক মিডিয়া অ্যাওয়ার্ডে বাংলাদেশের সাংবাদিকদের অংশগ্রহণ দেশের গণমাধ্যমকে বিশ্বপরিসরে তুলে ধরার পাশাপাশি দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্ব, সাংস্কৃতিক বিনিময় ও পারস্পরিক বোঝাপড়া আরও বাড়াবে।
এ ধরনের আন্তর্জাতিক আয়োজনে অংশগ্রহণের সুযোগ করে দেওয়ায় আয়োজক প্রতিষ্ঠান রসোট্রুডনিচেস্টভো, ঢাকায় রাশিয়ান দূতাবাস এবং রাশিয়ান কালচারাল সেন্টারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বাংলাদেশি সাংবাদিকেরা।


























