পদ্মা সেতুর টোল প্লাজার কাছে আ’ লীগ-বিএনপি সংঘর্ষ, যুবলীগ কর্মী নিহত

- সংবাদ প্রকাশের সময় : ১১:১৪:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

শরীয়তপুরে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ করে বিক্ষোভ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মী ও সমর্থকরা
শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর টোল প্লাজার কাছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে ইব্রাহিম সিপাহী নামে এক যুবলীগ কর্মী নিহত হয়েছেন। রোববার (২৯ নভেম্বর) ভোরে নাওডোবা এলাকার জমাদ্দার মোড়ে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে এ ঘটনা ঘটে।
নিহত ইব্রাহিম সিপাহী শরীয়তপুর সদর উপজেলার মধ্য সোনামুখী এলাকার হাফিজউদ্দীন সিপাহীর ছেলে। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মহিউদ্দিন মিরাজ।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার ভোর সাড়ে পাঁচটার দিকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েক শ নেতা-কর্মী ও সমর্থক নাওডোবার জমাদ্দার মোড় এলাকায় এক্সপ্রেসওয়েতে অবস্থান নিয়ে অবরোধ ও বিক্ষোভ শুরু করেন। এ কারণে সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ থাকে।
অন্যদিকে, আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহত করতে শনিবার রাত থেকেই ওই এলাকায় অবস্থান করছিলেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণ শুরু হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রায় ১০ মিনিট ধরে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সংঘর্ষের সময় গুলিতে যুবলীগ কর্মী ইব্রাহিম সিপাহী নিহত হয়েছেন বলে দাবি করেছেন প্রত্যক্ষদর্শীরা।
মোটরসাইকেল ও রেস্তোরাঁয় আগুন
সংঘর্ষের সময় ঘটনাস্থলে বিএনপির নেতা-কর্মীদের ব্যবহৃত কয়েকটি তাঁবুতে আগুন দেওয়া হয়। স্থানীয়দের ভাষ্য, ২০ থেকে ২৫টি মোটরসাইকেলেও আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।
এ ছাড়া নাওডোবা এলাকায় পদ্মা সেতুর সার্ভিস সড়কের পাশে ‘ফুড এক্সপ্রেস’ নামের একটি রেস্তোরাঁয় আগুন দেওয়া হয়। এতে রেস্তোরাঁর আসবাবপত্রসহ ভেতরের বিভিন্ন সামগ্রী পুড়ে যায়। প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ দাবি করেছেন, সংঘর্ষের সময় ৩০০ থেকে ৪০০টি ককটেল বিস্ফোরিত হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সংঘর্ষের সময় ঘটনাস্থলে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদও ছিলেন। পরে তিনি বিএনপির নেতা-কর্মীদের নিয়ে সেখান থেকে সরে যান।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে
ঘটনার সময় পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজার সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে তাঁরা কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করেন।
সকাল সাড়ে আটটার দিকে আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকেরা এক্সপ্রেসওয়ে ছেড়ে চলে যান। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নাওডোবা এলাকায় যান। সকাল নয়টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হলে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যান চলাচল শুরু হয়। বর্তমানে পদ্মা সেতু দিয়েও যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে জাজিরা থানা-পুলিশ।
শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান বলেন, ‘লকডাউনকে কেন্দ্র করে যাতে এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতু দিয়ে স্বাভাবিকভাবে যানবাহন চলাচল করতে পারে, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছিলেন। সকালে টোল প্লাজার কিছুটা দূরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সমর্থকেরা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটান। কয়েকটি মোটরসাইকেল ও একটি ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দেওয়া হয়। আমরা কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করতে পেরেছি। তবে কাউকে গ্রেপ্তার করা যায়নি।’
এ ঘটনায় আওয়ামী লীগ ও বিএনপির স্থানীয় নেতাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।




















