বিশ্বকাপ ফাইনালের মারামারির শাস্তি, নিষিদ্ধ মেসির চার সতীর্থ-কোচ

- সংবাদ প্রকাশের সময় : ০১:১১:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬ ৮ বার পড়া হয়েছে
বিশ্বকাপ ফাইনালের উত্তাপ শেষ হওয়ার পরও রেহাই পেলেন না আর্জেন্টিনার ফুটবলার ও কোচিং স্টাফরা। স্পেনের খেলোয়াড়দের সঙ্গে মাঠে সংঘর্ষে জড়ানোর ঘটনায় অবশেষে শাস্তির ঘোষণা দিয়েছে ফিফা। সবচেয়ে বড় সাজা পেয়েছেন আর্জেন্টিনার তারকা মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস—১০ আন্তর্জাতিক ম্যাচ নিষিদ্ধের পাশাপাশি গুনতে হবে ৯০ হাজার মার্কিন ডলার জরিমানা।
শুক্রবার (২১ আগস্ট) ফিফার শাস্তির ঘোষণা আসে। ফাইনাল শেষে স্পেনের ফুটবলারদের সঙ্গে সংঘর্ষ, অখেলোয়াড়সুলভ আচরণ, বৈষম্যমূলক স্লোগান ও অঙ্গভঙ্গি এবং ম্যাচের শৃঙ্খলা ভঙ্গসহ বিভিন্ন অভিযোগে আর্জেন্টিনার কয়েকজন ফুটবলার, কোচিং স্টাফ ও দেশটির ফুটবল ফেডারেশনকে শাস্তি দেওয়া হয়েছে।
পারেদেসের ১০ ম্যাচ নিষেধাজ্ঞা
ফাইনালে হারের পর স্পেনের খেলোয়াড়দের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়ে পড়েন পারেদেস। একপর্যায়ে এরিক গার্সিয়ার সঙ্গে শারীরিক সংঘর্ষে জড়ানোর পর স্পেনের গাভির সঙ্গেও ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন তিনি। এ ঘটনায় তাঁকে লাল কার্ড দেখানো হয়।
ফিফার সিদ্ধান্ত অনুযায়ী, পারেদেসকে ১০ ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি তাঁকে ৯০ হাজার মার্কিন ডলার জরিমানা করা হয়েছে।
আরও যারা শাস্তি পেলেন
পারেদেসের পাশাপাশি আর্জেন্টিনার নাহুয়েল মোলিনাকে ৭ ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। তাঁর জরিমানাও ৯০ হাজার মার্কিন ডলার।
থিয়াগো আলমাদা পেয়েছেন ১ ম্যাচের নিষেধাজ্ঞা এবং ৩০ হাজার মার্কিন ডলার জরিমানা। আর্জেন্টিনার সহকারী কোচ রবার্তো আয়ালাকে ৩ ম্যাচ নিষিদ্ধ করার পাশাপাশি ৩০ হাজার ডলার জরিমানা করা হয়েছে।
অন্যদিকে স্পেনের গাভিকেও ১ ম্যাচ নিষিদ্ধ এবং ৩০ হাজার মার্কিন ডলার জরিমানা করা হয়েছে।
বড় জরিমানা আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের
শুধু খেলোয়াড় ও কোচিং স্টাফ নয়, শাস্তির মুখে পড়েছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনও। তাদের ৩ লাখ ২১ হাজার মার্কিন ডলার জরিমানা করা হয়েছে।
এ ছাড়া সমর্থকদের বৈষম্যমূলক আচরণের কারণে আর্জেন্টিনাকে পরবর্তী দুটি হোম ম্যাচে অর্ধেক দর্শক নিয়ে খেলতে হবে।
এক নজরে কার কী শাস্তি
- লিয়ান্দ্রো পারেদেস: ১০ ম্যাচ নিষেধাজ্ঞা + ৯০ হাজার ডলার জরিমানা
- নাহুয়েল মোলিনা: ৭ ম্যাচ নিষেধাজ্ঞা + ৯০ হাজার ডলার জরিমানা
- থিয়াগো আলমাদা: ১ ম্যাচ নিষেধাজ্ঞা + ৩০ হাজার ডলার জরিমানা
- রবার্তো আয়ালা: ৩ ম্যাচ নিষেধাজ্ঞা + ৩০ হাজার ডলার জরিমানা
- গাভি: ১ ম্যাচ নিষেধাজ্ঞা + ৩০ হাজার ডলার জরিমানা
- আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন: ৩ লাখ ২১ হাজার ডলার জরিমানা + পরবর্তী ২ হোম ম্যাচে অর্ধেক দর্শক
ফলে বিশ্বকাপ ফাইনালের মাঠের উত্তেজনার রেশ এবার গড়াল ফিফার কঠোর শাস্তিতে।





















