বিএনপি সরকারের প্রথম মন্ত্রিসভা রদবদল, নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী

- সংবাদ প্রকাশের সময় : ০৮:৩৩:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে

আবদুল মঈন খান, আন্দালিভ রহমান পার্থ ও সাচিং প্রু জেরী (উপরে বাঁ থেকে) , হুমায়ুন কবির ও মোহাম্মদ শামীম কায়সার লিংকন (নিচে বাঁ থেকে)
বিএনপি সরকারের দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মন্ত্রিসভায় বড় ধরনের রদবদল হতে যাচ্ছে। এর অংশ হিসেবে চারজন পূর্ণমন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। নতুন চার মন্ত্রীর মধ্যে একজন আগে প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন।
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথমে নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ পড়ান।
পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত এবং সংসদ সদস্য সাচিং প্রু জেরী।
অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
যে মন্ত্রণালয়ে আসছে পরিবর্তন
মন্ত্রিসভা পুনর্বিন্যাসের অংশ হিসেবে কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বেও পরিবর্তন আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সদ্য রাষ্ট্রপতি হওয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে আসা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব বিএনপির জ্যেষ্ঠ নেতা ড. আবদুল মঈন খান পেতে পারেন বলে জানা গেছে।
বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থকে দেওয়া হতে পারে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব। বর্তমানে এ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা জহির উদ্দিন স্বপন প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নতুন দায়িত্ব পেতে পারেন বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।
এদিকে বিএনপির নির্বাহী কমিটির সদস্য সাচিং প্রু জেরী পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী হতে পারেন। তাঁর নিয়োগে পার্বত্য অঞ্চলের প্রতিনিধিত্ব আরও জোরালো করার বার্তাও দেখছেন সংশ্লিষ্টরা।
ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেতে পারেন গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
পূর্ণমন্ত্রী হচ্ছেন রশিদুজ্জামান মিল্লাত
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা রশিদুজ্জামান মিল্লাত এবার পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তাঁকেই একই মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে।
বর্তমানে এই মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম (রিতা)কে অন্য কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শপথের মধ্য দিয়ে বিএনপি সরকারের প্রথম মন্ত্রিসভা পুনর্বিন্যাসের প্রক্রিয়া শুরু হলো। এখন কোন মন্ত্রণালয়ে শেষ পর্যন্ত কার দায়িত্ব পড়ছে, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন আলোচনা।




















