ভবদহ সমস্যার স্থায়ী সমাধান দাবিতে যশোরে অবস্থান কর্মসূচি
- সংবাদ প্রকাশের সময় : ০৮:২২:০১ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
দীর্ঘদিন ধরে জলাবদ্ধ যশোরের ভবদহ সমস্যার স্থায়ী সমাধান এবং টিআরএম (টাইডাল রিভার ম্যানেজমেন্ট বা জোয়ারাধার) বাস্তবায়নের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি।
সোমবার (৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে অনুষ্ঠিত এই কর্মসূচিতে মণিরামপুর, কেশবপুর ও অভয়নগর উপজেলার জলাবদ্ধতাকবলিত শত শত মানুষ অংশ নেন।
কর্মসূচির আগে লাঙল, কাস্তে, শাপলা ও জলাবদ্ধতার প্রতীকী উপকরণ হাতে নিয়ে মিছিলসহকারে কালেক্টরেট চত্বরে জড়ো হন নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। গুঁড়িগুঁড়ি বৃষ্টির মধ্যেও তারা নির্ধারিত অবস্থান কর্মসূচি চালিয়ে যান।
সংগঠনের সভাপতি অনিল বিশ্বাসের সভাপতিত্বে কর্মসূচিতে নেতৃত্ব দেন প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।
এসম নেতৃবৃন্দ বলেন, প্রতি বছর ছয় থেকে সাত মাস ভবদহ অঞ্চলের বিস্তীর্ণ এলাকা পানির নিচে তলিয়ে থাকে। এতে কৃষিজমি, ফসল, মাছের ঘের, বসতবাড়ি, রাস্তাঘাট ও শিক্ষাপ্রতিষ্ঠান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশুদ্ধ পানি, খাদ্য ও পয়োনিষ্কাশন সংকটের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে মানবিক দুর্ভোগ চরম আকার ধারণ করেছে।
তারা ভবদহ সমস্যার স্থায়ী সমাধানে সব নদী ও খাল খনন, আমডাঙা খালের দ্রুত সংস্কার, খর্নিয়া সেতুর পাশের আড়বাঁধসহ পানি প্রবাহের সব প্রতিবন্ধকতা অপসারণ এবং বিলে বিলে কার্যকর টিআরএম বাস্তবায়নের জোরালো দাবি জানান।
প্রধান অতিথির বক্তব্যে দেলোয়ার হোসেন খোকন বলেন, ভবদহবাসীর দাবি সম্পূর্ণ যৌক্তিক। সরকার পর্যায়ক্রমে খাল খননের উদ্যোগ বাস্তবায়ন করছে এবং ভবদহ সমস্যার সমাধানেও কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি আশ্বস্ত করেন। একই সঙ্গে ভবদহ এলাকায় টিআরএম বাস্তবায়নের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে ব্যক্তিগতভাবে এক লাখ টাকা সহায়তার ঘোষণা দেন তিনি।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, পানি উন্নয়ন বোর্ডের অপরিকল্পিত ব্যবস্থাপনা, প্রকল্পনির্ভর কার্যক্রম এবং সংশ্লিষ্টদের গাফিলতির কারণে ভবদহের জলাবদ্ধতা দীর্ঘস্থায়ী হয়েছে। এছাড়া স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তির কারণেও সমস্যার স্থায়ী সমাধান বাধাগ্রস্ত হচ্ছে বলে তারা দাবি করেন।
অবস্থান কর্মসূচি থেকে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়। পাশাপাশি ভবদহ অঞ্চলের কৃষক-জনতার দীর্ঘদিনের এই দুর্ভোগ জাতীয় পর্যায়ে তুলে ধরতে গণমাধ্যমের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়।
কর্মসূচিতে আরো বক্তব্য দেন ছাত্র ইউনিয়নের জেলা সভাপতি রাশেদ খান, কপোতাক্ষ নদ বাঁচাও আন্দোলনের নেতা অ্যাডভোকেট আমিনুর রহমান হিরু, বাসন্তী মণ্ডল, শেখর বিশ্বাস, সুকে
ন্দু বিশ্বাস, সাধন বিশ্বাস, শিবপদ বিশ্বাস।






















