বন্যাদুর্গত চট্টগ্রামের ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

- সংবাদ প্রকাশের সময় : ০৮:২৮:২৪ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬ ১০ বার পড়া হয়েছে
চট্টগ্রামের বন্যাকবলিত তিন উপজেলা—হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ৯ আগস্ট তাঁর এ সফর চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।
তিনি বলেন, “প্রধানমন্ত্রী চট্টগ্রামে যাচ্ছেন; তা এখন পর্যন্ত চূড়ান্ত।”
সফরকালে প্রধানমন্ত্রী বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করবেন। পাশাপাশি বন্যায় গৃহহারা পরিবারগুলোর জন্য সরকারি উদ্যোগে নির্মিত নতুন ঘর হস্তান্তর করবেন।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই হবে তারেক রহমানের প্রথম চট্টগ্রাম সফর। এ সফরকে কেন্দ্র করে প্রশাসনিক ও দলীয় পর্যায়ে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে।
বাসসের চট্টগ্রাম ব্যুরোর তথ্যমতে, বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য নতুন বাড়ি নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে। সফরের সময় প্রধানমন্ত্রী এসব বাড়ি আনুষ্ঠানিকভাবে উপকারভোগীদের কাছে হস্তান্তর করবেন। এছাড়া সংক্ষিপ্ত সমাবেশে অংশ নিয়ে দুর্গত মানুষের হাতে ত্রাণসামগ্রীও তুলে দেবেন।
প্রধানমন্ত্রীর অবতরণের জন্য নির্ধারিত স্থানে হেলিপ্যাড প্রস্তুতের কাজ চলছে। সেখান থেকে তিনি পশ্চিম বাঁশখালীতে যাবেন। সেখানে ত্রাণ বিতরণের পাশাপাশি সরকারি সহায়তায় পুনর্নির্মিত ১০০টি ঘর ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে হস্তান্তর করবেন।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া বলেন, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে তাঁকে ও দলের সদস্যসচিবকে গুলশানে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডাকা হয়েছে। তিনি জানান, প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে দলীয়ভাবে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।
অন্যদিকে, চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফ উদ্দিন বলেন, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে প্রশাসন সব ধরনের প্রস্তুতি নিচ্ছে। চূড়ান্ত সফরসূচি হাতে পেলেই সে অনুযায়ী আনুষ্ঠানিক প্রস্তুতি সম্পন্ন করা হবে।
আগামী ৯ আগস্ট বন্যাদুর্গত হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি ত্রাণ বিতরণ ও গৃহহারা পরিবারের মধ্যে নতুন নির্মিত ১০০টি ঘর হস্তান্তর করবেন।






















