লটারিতে বদলি গণপূর্তের আরও ২৫৪ উপ-সহকারী প্রকৌশলী, কোন বিভাগে কতজন?

- সংবাদ প্রকাশের সময় : ০৮:১০:১০ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬ ১০ বার পড়া হয়েছে
স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের আরও ২৫৪ জন উপ-সহকারী প্রকৌশলীকে (ই/এম) বদলি ও পদায়ন করা হয়েছে।
সোমবার (৩ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচার পূর্ত ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে দেশের আটটি বিভাগের জন্য এ লটারিভিত্তিক বদলি কার্যক্রম সম্পন্ন হয়।
লটারির ফল অনুযায়ী, ঢাকা বিভাগে সর্বোচ্চ ১১৯ জন, রাজশাহী বিভাগে ২৭ জন, চট্টগ্রাম বিভাগে ২৭ জন, খুলনা বিভাগে ২৭ জন, বরিশাল বিভাগে ১৩ জন, সিলেট বিভাগে ৮ জন, ময়মনসিংহ বিভাগে ১১ জন এবং রংপুর বিভাগে ২২ জন উপ-সহকারী প্রকৌশলীকে পদায়ন করা হয়েছে।
বদলি কার্যক্রম সমন্বয় করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সারোয়ার আলম। এ সময় উপস্থিত ছিলেন গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মো. ফিরোজ হাসানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ই/এম) আশরাফুল হক বলেন, লটারিভিত্তিক এই বদলি প্রক্রিয়া বদলি ও পদায়নে স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং শৃঙ্খলা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন (গণপূর্ত অধিদপ্তর শাখা)-এর সদস্যসচিব মো. সাখাওয়াত হোসেনও এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের প্রক্রিয়া অধিদপ্তরের বদলি-পদায়ন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনবে।
অনুষ্ঠানে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী, যুগ্মসচিব মোহাম্মদ মিজানুর রহমান, যুগ্মসচিব ফৌজিয়া খান, উপসচিব খান মো. নাজমুস শোয়েব, উপসচিব মো. আবু নাছেরসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এর আগে গত ৩০ জুলাই একই পদ্ধতিতে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীকে (সিভিল) বদলি করা হয়েছিল।
Meta Description: লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ২৫৪ জন উপ-সহকারী প্রকৌশলী (ই/এম) বদলি ও পদায়ন করা হয়েছে। ঢাকা বিভাগে সর্বোচ্চ ১১৯ জনসহ আট বিভাগের পূর্ণাঙ্গ তালিকা ও বিস্তারিত জানুন।




















