তারেক–শি বৈঠকে ৩ বড় ইস্যু: বিনিয়োগ, বাণিজ্য, কৌশলগত সম্পর্ক

- সংবাদ প্রকাশের সময় : ০২:১৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ৯ বার পড়া হয়েছে
বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা, সংস্কৃতি, তথ্যপ্রযুক্তি ও স্বাস্থ্যখাতে সহযোগিতা বাড়ানোর বিষয়গুলো বৈঠকে গুরুত্ব পাবে।
এর আগে বৃহস্পতিবার বিকেলে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে তারেক রহমানের বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠক শেষে দুই দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিভিন্ন বিষয়ে ১৫টি সমঝোতা স্মারক (এমওইউ) সই হবে। পরে চীনের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের সম্মানে রাষ্ট্রীয় ভোজের আয়োজন করবেন।
মাহদী আমিন জানান, সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর। সফরের প্রথম ধাপে তিনি মালয়েশিয়া সফর করেন। এরপর বিশ্ব অর্থনৈতিক ফোরামের আমন্ত্রণে চীনের দালিয়ানে ‘অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়নস’ সম্মেলনে অংশ নেন।
সফরের তৃতীয় ধাপে চীনের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে বুধবার বেইজিং পৌঁছান তারেক রহমান। সেখানে তাকে রাষ্ট্রীয় মর্যাদা, লালগালিচা সংবর্ধনা ও বিশেষ প্রটোকলের মাধ্যমে স্বাগত জানানো হয়।
বেইজিং সফরে প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য হচ্ছে চীনা বিনিয়োগ বৃদ্ধি, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সহযোগিতা জোরদার করা।
বৃহস্পতিবার ‘ইনভেস্ট বাংলাদেশ’ শীর্ষক বিনিয়োগ সম্মেলনে চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশ এখন বিনিয়োগের জন্য প্রস্তুত এবং চীনা কোম্পানিগুলোর জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত করছে।
তিনি আরও জানান, বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে। পাশাপাশি আনোয়ারা ও মোংলায় অর্থনৈতিক অঞ্চল উন্নয়ন, চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ অফিস চালু এবং বিনিয়োগ প্রক্রিয়া সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিকে চীনের পানিসম্পদমন্ত্রী লি গোওইংয়ের সঙ্গেও বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে তিস্তা মহাপরিকল্পনা, নদী ব্যবস্থাপনা, বন্যা নিয়ন্ত্রণ, নদী খনন ও সেচ ব্যবস্থার উন্নয়ন নিয়ে আলোচনা হয়।
মাহদী আমিন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করবে এবং ভবিষ্যতে অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতার নতুন সুযোগ তৈরি করবে।


















