আরও কয়েকদিন তাপপ্রবাহ, সপ্তাহ শেষে বাড়তে পারে বৃষ্টি
- সংবাদ প্রকাশের সময় : ১০:১৩:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬ ১৮ বার পড়া হয়েছে
রাজধানী ঢাকাসহ দেশের ৪০টি জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলমান এই গরম আরও দুই থেকে তিনদিন স্থায়ী হতে পারে। তবে সপ্তাহের শেষ দিকে মৌসুমি বায়ু সক্রিয় হলে সারা দেশে বৃষ্টিপাতের পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার (২ জুন) আবহাওয়া অধিদপ্তর জানায়, তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়ার কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দেশের বিভিন্ন অঞ্চলে বিচ্ছিন্নভাবে বৃষ্টির খবর পাওয়া গেলেও রাজধানী ঢাকায় এখনো উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়নি।
আবহাওয়াবিদদের মতে, বর্তমানে টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, ময়মনসিংহ, চাঁদপুর, বরিশাল ও ভোলা জেলাসহ রংপুর, রাজশাহী এবং খুলনা বিভাগের বিস্তীর্ণ এলাকায় তাপপ্রবাহ অব্যাহত রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে। তবে তা তাপমাত্রা কমানোর জন্য যথেষ্ট নয়। ফলে গরম ও আর্দ্রতার কারণে অস্বস্তি আরও বেড়েছে।
আবহাওয়াবিদরা বলছেন, আগামী বৃহস্পতিবারের পর থেকে মৌসুমি বায়ু আরও সক্রিয় হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাবে এবং ধীরে ধীরে বর্ষা মৌসুমের পূর্ণ প্রভাব দেখা যেতে পারে।
বৃষ্টিপাত বাড়লে তাপমাত্রা কিছুটা কমে আসবে এবং চলমান তাপপ্রবাহের পরিস্থিতিরও উন্নতি হতে পারে বলে আশা করা হচ্ছে।





















