জলবায়ু ও উন্নয়ন সহযোগিতা নিয়ে আলোচনা
ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
- সংবাদ প্রকাশের সময় : ০৮:০১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) প্রেসিডেন্ট ও সিইও আলোইস জভিংগির সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাক্ষাতে জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন ও বৈশ্বিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
মঙ্গলবার (২৩ জুন) স্থানীয় সময় বিকেল ৫টায় চীনের ডালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সাক্ষাতের শুরুতে ডব্লিউইএফ প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান।
বৈঠকে প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান জানান। তিনি বলেন, ডেল্টা অঞ্চলভুক্ত বাংলাদেশসহ বিভিন্ন দেশের জন্য সমন্বিত বৈশ্বিক উদ্যোগ প্রয়োজন।
তিনি জানান, বাংলাদেশ আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণের পরিকল্পনা নিয়েছে। পাশাপাশি ২০ হাজার কিলোমিটার নদী ও খাল পুনঃখননের মাধ্যমে পানির প্রবাহ পুনরুদ্ধার, বন্যা ঝুঁকি কমানো এবং পরিবেশ সুরক্ষার উদ্যোগ নেওয়া হচ্ছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, নবায়নযোগ্য জ্বালানি প্রসারে সৌরবিদ্যুৎ উৎপাদনে কর-সুবিধা দেওয়া হয়েছে এবং ২০৩০ সালের মধ্যে মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
ডব্লিউইএফ প্রেসিডেন্ট আলোইস জভিংগি বাংলাদেশের জলবায়ু সহনশীলতা ও টেকসই উন্নয়ন উদ্যোগকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন এবং এ বিষয়ে আন্তর্জাতিক বিনিয়োগ ও অর্থায়ন বাড়ার সম্ভাবনার কথা বলেন।
তিনি বাংলাদেশের উদ্যোগগুলোর প্রতি ডব্লিউইএফের সমর্থন অব্যাহত রাখার আশ্বাস দেন এবং প্রধানমন্ত্রীকে সুইজারল্যান্ডের ডাভোসে ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নেওয়ার আমন্ত্রণ জানান।
বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।

















