শেখ হাসিনাসহ ১০ জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন দুদকের
- সংবাদ প্রকাশের সময় : ০৮:১১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ ২৮ বার পড়া হয়েছে
ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০ জনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের আবেদন অনুযায়ী, তালিকায় শেখ হাসিনার পাশাপাশি তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, সাবেক আইজিপি বেনজীর আহমেদ, এস আলমসহ কয়েকজন সাবেক মন্ত্রী ও প্রভাবশালী ব্যক্তি রয়েছেন।
মঙ্গলবার (২৩ জুন) সংশ্লিষ্ট সূত্র জানায়, আদালতের নির্দেশনার ভিত্তিতে এ আবেদন পুলিশের কাছে পাঠানো হয়েছে। পুলিশের মাধ্যমে তা স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে ইন্টারপোলের সদর দপ্তরে পাঠানো হবে।
দুদক বলছে, পলাতক অবস্থায় থাকা এসব ব্যক্তিকে দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এর আগে সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিরুদ্ধে রেড নোটিশ থাকাকালীন তার অবস্থান ও গ্রেপ্তার নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা শুরু হয় বলে জানায় সংশ্লিষ্ট সূত্র।
তবে আন্তর্জাতিক আইনি প্রক্রিয়া, প্রত্যর্পণ চুক্তি এবং ইন্টারপোলের যাচাই-বাছাই শেষে আদৌ কবে এসব ব্যক্তিকে ফেরত আনা সম্ভব হবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।





















