‘কোটি টাকা দিলে কেস থেকে নাম উঠিয়ে দেবে’
- সংবাদ প্রকাশের সময় : ১০:৩৮:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ ২১ বার পড়া হয়েছে
বাংলাদেশের ক্রিকেটে এখনো সবচেয়ে আলোচিত নাম সাকিব আল হাসান। মাঠের বাইরে থাকলেও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন এই এক সময়ের বিশ্বসেরা অলরাউন্ডার। দেশের বাইরে থেকেও তিনি বাংলাদেশ ক্রিকেটকে অনুসরণ করছেন, তবে দেশে ফেরার পথ এখনো জটিলতা, মামলা ও নিরাপত্তা শঙ্কায় ঘেরা।
দীর্ঘ নীরবতার পর একটি বাংলাদেশি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত ও পেশাগত নানা বিষয় নিয়ে খোলামেলা কথা বলেন সাকিব। সেখানে উঠে আসে তাঁর মামলা, রাজনীতি, ক্রিকেটে ফেরা এবং ভবিষ্যৎ পরিকল্পনা।
সাক্ষাৎকারে একটি চাঞ্চল্যকর দাবি করে সাকিব বলেন, “বলেছে ১ কোটি টাকা দিলে আমার নাম কেস থেকে উঠিয়ে দেবে”—যা তিনি সরাসরি প্রত্যাখ্যান করেছেন বলে জানান। তাঁর ভাষায়, টাকা দিয়ে কোনো ‘সমাধান’ মেনে নেওয়া তাঁর পক্ষে সম্ভব নয়।
তিনি আরও বলেন, “টাকা দেওয়া মানে তো হচ্ছে আমার সমস্যা আছে, আমি চাচ্ছি যে আমাকে এখান থেকে বাঁচিয়ে দেওয়া হোক।”
দেশে ফিরতে না পারার কষ্ট ও শঙ্কার কথাও স্পষ্টভাবে তুলে ধরেন এই অলরাউন্ডার। তাঁর ভাষায়, দেশে ফিরতে চাইলেও বর্তমানে বড় বাধা হলো আইনি জটিলতা ও নিরাপত্তা উদ্বেগ। তিনি বলেন, “মব হতে পারে, সন্ত্রাসী হামলা হতে পারে, কত কিছুই তো হতে পারে।”
জাতীয় দলের জার্সি মিস করেন কি না—এ প্রশ্নে সাকিবের উত্তর ছিল আবেগঘন। তিনি বলেন, “জাতীয় দল তো জাতীয় দলই, এটার কোনো বিকল্প হয় না।”
তবে সব অনিশ্চয়তার মধ্যেও ক্রিকেট ছাড়ার চিন্তা নেই তাঁর। সুযোগ পেলে আবারও বাংলাদেশের হয়ে খেলতে চান, বিশেষ করে ওয়ানডে ফরম্যাটে। এমনকি ২০২৭ বিশ্বকাপেও খেলার আশা প্রকাশ করেছেন তিনি।
রাজনীতিতে আসা নিয়ে অনুশোচনা আছে কি না—এ প্রশ্নে সাকিব বলেন, “আজকে যেটা ঠিক মনে হয় না; ১ বছর, ৫ বছর, ১০ বছর পরে মনে হয় সেটাই ঠিক ছিল।”
এক সময় বাংলাদেশের ক্রিকেটের স্বপ্নের প্রতীক হিসেবে দেখা এই অলরাউন্ডার এখন সময়, বাস্তবতা ও ব্যক্তিগত জটিলতার এক কঠিন পরিস্থিতির মুখোমুখি। তবু তাঁর কথায় স্পষ্ট—ক্রিকেটে ফেরার ইচ্ছা এখনো শেষ হয়নি।
























