বেজিংয়ে ট্রাম্প–শি জিনপিং বৈঠক: নতুন কূটনৈতিক অধ্যায়ের ইঙ্গিত?
- সংবাদ প্রকাশের সময় : ১১:৪১:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ ৭ বার পড়া হয়েছে
চীনের রাজধানী বেজিংয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দুই দেশের শীর্ষ নেতার এই বৈঠককে কেন্দ্র করে বৈশ্বিক রাজনীতিতে নতুন সমীকরণের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) সকালে বেজিংয়ের তিয়েনানমেন স্কোয়ারের গ্রেট হল অব দ্য পিপলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। লাল গালিচা সংবর্ধনায় ট্রাম্পকে স্বাগত জানান শি জিনপিং। এরপর করমর্দনের মাধ্যমে দুই নেতা বৈঠক কক্ষে প্রবেশ করেন। বৈঠকে দুই দেশের শীর্ষ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
বৈঠকে শি জিনপিং বলেন, “চীন-আমেরিকা প্রতিদ্বন্দ্বী নয়। বরং একে অপরের সহযোগী। অশান্ত বিশ্বে আমরা একসঙ্গে স্থিতিশীলতা আনতে পারি।” তিনি আরও বলেন, দুই দেশের সম্পর্ক মানবকল্যাণ ও বৈশ্বিক সমৃদ্ধির স্বার্থে আরও শক্তিশালী করা প্রয়োজন।
অন্যদিকে ট্রাম্প শি জিনপিংকে ‘বন্ধু’ হিসেবে উল্লেখ করে বলেন, “আপনার বন্ধু হতে পেরে আমি সম্মানিত। চীন ও আমেরিকার সম্পর্ক আগের চেয়ে আরও উন্নত হবে বলে আমি বিশ্বাস করি।” তিনি বৈঠককে “পরম সম্মানের” বলেও অভিহিত করেন।
বিশ্লেষকদের মতে, দীর্ঘদিনের উত্তেজনা ও শৈত্য কাটিয়ে দুই পরাশক্তির এই উচ্চপর্যায়ের বৈঠক কূটনৈতিক সম্পর্ক পুনর্গঠনের ইঙ্গিত দিচ্ছে।
জানা গেছে, দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর এটি ট্রাম্পের প্রথম চীন সফর। বুধবার তিনি বেজিংয়ে পৌঁছান। তার সঙ্গে সফরে যুক্তরাষ্ট্রের একদল শীর্ষ ব্যবসায়ীও রয়েছেন।
ইরান সংকট ও পশ্চিম এশিয়ার উত্তেজনার প্রেক্ষাপটে এই বৈঠক বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। পাশাপাশি বাণিজ্য, ভূরাজনীতি এবং বৈশ্বিক নিরাপত্তা ইস্যু নিয়েও আলোচনার সম্ভাবনা রয়েছে।
এর আগে নির্ধারিত সফর থাকলেও ইরান যুদ্ধ পরিস্থিতির কারণে সেটি পিছিয়ে যায়। এবারের তিন দিনের সফরে দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে।




















