ফুলবাড়ীতে নারীর নেতৃত্ব বিকাশে দুইদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা
- সংবাদ প্রকাশের সময় : ১০:২৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে
নারীর নেতৃত্ব বিকাশ, অংশগ্রহণমূলক সিদ্ধান্ত গ্রহণ এবং সামাজিক ক্ষমতায়ন জোরদারের লক্ষ্যে দিনাজপুরের ফুলবাড়ীতে দুইদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
বুধবার (১৩ মে) সকাল ১১টায় উপজেলা কৃষি অধিদপ্তরের সভাকক্ষে সিসিডিবি সংস্থার “সমান আওয়াজ” প্রকল্পের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে সহযোগিতা করছে কোডি ইনস্টিটিউট অব সেন্ট ফ্রান্সিস জেভিয়ার ইউনিভার্সিটি ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা।
কর্মশালায় সভাপতিত্ব করেন “সমান আওয়াজ” প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মারিয়া সরকার।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন বলেন, নারীরা বর্তমানে সমাজের প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। স্থানীয় পর্যায়ে নারীদের নেতৃত্ব ও সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ বাড়লে সমাজ ও রাষ্ট্র আরও সমৃদ্ধ হবে। তিনি বলেন, নারীদের দক্ষতা উন্নয়ন ও আত্মবিশ্বাস তৈরিতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নসহ সব ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। নারীরা এগিয়ে গেলে পরিবার ও দেশও এগিয়ে যাবে।
প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন “সমান আওয়াজ” প্রকল্পের ফুলবাড়ী এরিয়া ম্যানেজার মোছা. খাদিজা আক্তার। তিনি বলেন, নারীদের শুধু অংশগ্রহণ করলেই হবে না, নেতৃত্বের জায়গাতেও নিজেদের অবস্থান তৈরি করতে হবে। সচেতনতা, যোগাযোগ দক্ষতা ও অধিকার বিষয়ে জ্ঞান নারীদের আত্মবিশ্বাস বাড়াতে সহায়তা করবে।
এসময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ এরিয়া ম্যানেজার মোছা. মাহফুজা নাজনীন। তিনি বলেন, নারীদের ক্ষমতায়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। স্থানীয় পর্যায়ে নারী নেতৃত্ব গড়ে তুলতে ধারাবাহিক প্রশিক্ষণ ও সহযোগিতা প্রয়োজন।
প্রশিক্ষণে স্থানীয় নারী নেত্রী, কমিউনিটি প্রতিনিধি ও বিভিন্ন পর্যায়ের অংশগ্রহণকারীরা নেতৃত্ব বিকাশ, কার্যকর যোগাযোগ, অধিকার সচেতনতা, স্থানীয় সরকারে নারীর অংশগ্রহণ এবং সামাজিক জবাবদিহিতা বিষয়ে ধারণা লাভ করেন।
২৫ জন অংশগ্রহণকারী দলীয় আলোচনা, অভিজ্ঞতা বিনিময় ও ব্যবহারিক অনুশীলনের মাধ্যমে নিজেদের নেতৃত্ব দক্ষতা উন্নয়নের সুযোগ পান। বক্তারা নারীর ক্ষমতায়ন ও অংশগ্রহণমূলক সুশাসন প্রতিষ্ঠায় এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
























