হাম ও হামের উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু
- সংবাদ প্রকাশের সময় : ০৫:৫৭:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
সারা দেশে হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত এক দিনে মারা যাওয়া ১১ শিশুই সন্দেহজনকভাবে হামে আক্রান্ত ছিল। একই সময়ে হামে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে মোট ১ হাজার ২৮৭ শিশু। এর মধ্যে ২২৯ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে এবং বাকি ১ হাজার ৫৮ শিশু সন্দেহজনক হিসেবে চিহ্নিত হয়েছে।
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হাম পরিস্থিতি আরও ভয়াবহ আকার নিয়েছে। এ সময়ে মোট ৩০ হাজার ৬০৭ জনকে হাম সন্দেহে শনাক্ত করা হয়েছে, যার মধ্যে ৪ হাজার ৪৬০ জনের শরীরে নিশ্চিতভাবে হাম ধরা পড়েছে। হাসপাতালে ভর্তি হয়েছে ২০ হাজার ৪৭৫ জন রোগী, যার মধ্যে ইতোমধ্যে ১৭ হাজার ৮১ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
একই সময়ে হাম ও এর উপসর্গে মোট ২৫১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ২০৯ জন সন্দেহজনক এবং ৪২ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিল।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, দেশে হাম আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে ঢাকা বিভাগ। এরপর ক্রমানুসারে রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের অবস্থান রয়েছে।






















