‘আমরা সাংবাদিকদের অনুরোধ জানিয়েছি, অর্ডার করিনি’
- সংবাদ প্রকাশের সময় : ০৫:৪৯:৪০ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪ ১৬৪ বার পড়া হয়েছে
পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে সংবাদপ্রকাশ হওয়ার পর পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রতিবাদলিপি পাঠানো হয়েছিলো গণমাধ্যমে। এ বিষয়ে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি) প্রধান ও অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম বলেন, আমরা অনুরোধ জানিয়েছি। আপনাদের কোনো অর্ডার করিনি।
সোমবার (১ জুলাই) সকালে গুলশানের দীপ্ত শপথ ভাস্কর্যে হলি আর্টিজানে জঙ্গি হামলায় নিহতদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনেরও সভাপতি।
তিনি বলেন, আমরা সবসময় বলে আসছি ব্যক্তির দায় বাহিনীর না। কিন্তু পাশাপাশি অতিরঞ্জিত এবং খণ্ডিত তথ্য থাকে। যেমন আমাদের এক কর্মকর্তার বিষয়ে বলা হয়েছিলো বিদেশে পালিয়ে গেছেন। আসলে তিনি পালিয়ে যাননি।
অতিরিক্ত আইজিপি আরও বলেন, সেই কারণে প্রতিবাদের পাশাপাশি আমরা অনুরোধ জানিয়েছি। প্রতিবাদলিপিতে আমরা কোনো নির্দেশনা দেইনি। আপনাদের কোনো অর্ডার করা হয়নি। শুধু পুলিশ নয়, যেকোনো নিউজ করার আগে ভালো করে যাচাই-বাছাই করার অনুরোধ করেছি।





















