গণভোটের রায় এখনো বাস্তবায়িত হয়নি: নাহিদ ইসলাম

- সংবাদ প্রকাশের সময় : ০৮:৪২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম লক্ষ্য ছিল গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠা। তবে জনগণের দেওয়া গণভোটের রায় এখনো বাস্তবায়িত হয়নি বলে তিনি মন্তব্য করেছেন।
মঙ্গলবার (২৮ জুলাই) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জাতীয় ছাত্রশক্তি, জবি শাখা আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান: স্ফুলিঙ্গ থেকে চলমান বিপ্লব’ শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, “জুলাই গণঅভ্যুত্থান ছিল গণতন্ত্র ও ভোটাধিকারের আন্দোলন। আমরা দুটি ভোট দিয়েছি, কিন্তু এখনো গণভোটের রায় বাস্তবায়িত হয়নি।”
তিনি বলেন, গণঅভ্যুত্থানের পর দেশের মানুষ যে পরিবর্তনের প্রত্যাশা করেছিল, তার সবকিছু এখনো অর্জিত হয়নি। এ কারণে মানুষের মধ্যে কিছুটা হতাশা থাকলেও তিনি মনে করেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও লক্ষ্য এখনো চলমান রয়েছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূমিকার প্রসঙ্গ তুলে এনসিপির আহ্বায়ক বলেন, দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে বিশ্ববিদ্যালয়টির গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। কিন্তু সেই অবদানের যথাযথ স্বীকৃতি আজও মেলেনি। দীর্ঘদিন ধরে নানা ক্ষেত্রে বঞ্চনার শিকার হওয়া এই বিশ্ববিদ্যালয়কে বিশেষ গুরুত্ব দিয়ে দেখার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
জুলাই গণঅভ্যুত্থানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণের কথা স্মরণ করে নাহিদ ইসলাম বলেন, আন্দোলনের প্রতিটি গুরুত্বপূর্ণ সময়ে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা অগ্রণী ভূমিকা পালন করেছেন। তিনি উল্লেখ করেন, ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংঘটিত ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বহু শিক্ষার্থী আহত হন।
অনুষ্ঠানে এনসিপির রাজনৈতিক পরিষদের সদস্য ও সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শারমিন, প্রক্টর অধ্যাপক মো. নাসির উদ্দিন, জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান, সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার, জকসু ভিপি রিয়াজুল ইসলাম এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান হিমেল বক্তব্য দেন।

























