ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি পুনর্গঠনের জোর গুঞ্জন, নেতৃত্বে আসতে পারেন কারা?

- সংবাদ প্রকাশের সময় : ১২:৫১:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬ ১২ বার পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন নিয়ে দলটির নেতাকর্মীদের মধ্যে জোর আলোচনা চলছে। দলীয় একাধিক সূত্রের দাবি, বর্তমান মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে শিগগিরই নতুন নেতৃত্ব ঘোষণা করা হতে পারে। যদিও এ বিষয়ে বিএনপি বা ছাত্রদলের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।
দলীয় সূত্রগুলো বলছে, চলতি মেয়াদে সাংগঠনিক কার্যক্রম, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন, নেতৃত্বের কার্যকারিতা এবং কমিটি গঠন নিয়ে ওঠা বিভিন্ন অভিযোগের কারণে নতুন কমিটি গঠনের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। একই সঙ্গে মাঠপর্যায়ের নেতৃত্বকে আরও সক্রিয় করার বিষয়েও আলোচনা চলছে।
সূত্রগুলোর ভাষ্য, আগস্টের প্রথমার্ধেই নতুন কমিটি ঘোষণার সম্ভাবনা রয়েছে। এ কারণে সম্ভাব্য নেতৃত্ব নিয়ে ইতোমধ্যে দলটির বিভিন্ন পর্যায়ে আলোচনা শুরু হয়েছে।
সভাপতি পদে যাদের নাম আলোচনায়
দলীয় সূত্রে জানা গেছে, সভাপতি পদে বর্তমান কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ইজাজুল কবির রুয়েলের নাম সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে। এছাড়া সহসভাপতি মঞ্জুরুল আলম রিয়াদ, এইচ এম আবু জাফর এবং সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমানের নামও সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছে।
এ ছাড়া বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, সহসভাপতি শাফি ইসলাম ও খোরশেদ আলম সোহেলের নামও সম্ভাব্য সভাপতি প্রার্থীদের তালিকায় রয়েছে বলে দলীয় একাধিক সূত্র জানিয়েছে।
সাধারণ সম্পাদক পদে সম্ভাব্যরা
সাধারণ সম্পাদক পদে আলোচনায় রয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন, মমিনুল ইসলাম জিসান, প্রচার সম্পাদক শরিফ প্রধান শুভ, মো. তরিকুল ইসলাম তারিক, সালেহ মো. আদনান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, নাহিদুজ্জামান শিপন, মাসুম বিল্লাহ এবং মিনহাজ আহমেদ প্রিন্স।
মাঠপর্যায়ের কয়েকজন নেতার দাবি, ফারুক হোসেন ও মমিনুল ইসলাম জিসানের নাম বর্তমানে সবচেয়ে বেশি আলোচিত। একই সঙ্গে শরিফ প্রধান শুভকেও সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে।
সাংগঠনিক সম্পাদক পদেও চলছে আলোচনা
সাংগঠনিক সম্পাদক পদে রাজু আহমেদ, সোহেল রানা, ইব্রাহিম খলিল, গাজী সাদ্দাম, নাসির উদ্দিন শাওন ও শামিম আক্তার শুভর নাম আলোচনায় রয়েছে বলে জানা গেছে।
নতুন নেতৃত্বের দাবি তৃণমূলে
ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা দাবি করছেন, দীর্ঘদিন আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকা অনেক ত্যাগী নেতা এখনো যথাযথ মূল্যায়ন পাননি। তাদের মতে, নতুন কমিটির মাধ্যমে এসব নেতাকর্মীর মূল্যায়ন নিশ্চিত করা প্রয়োজন।
অন্যদিকে বর্তমান কমিটির বিরুদ্ধে সাংগঠনিক নিষ্ক্রিয়তা, নেতৃত্বে সমন্বয়ের অভাব এবং কমিটি গঠন নিয়ে বিভিন্ন অভিযোগ রয়েছে বলেও দলীয় কয়েকজন নেতা দাবি করেছেন। তবে এসব অভিযোগের বিষয়ে বর্তমান নেতৃত্বের আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সম্ভাব্য প্রার্থীদের বক্তব্য
সম্ভাব্য সভাপতি প্রার্থী ইজাজুল কবির রুয়েল বলেন, নেতৃত্বের সুযোগ পেলে তিনি ছাত্রদলকে আরও সুসংগঠিত করে সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করবেন।
সহসভাপতি মঞ্জুরুল আলম রিয়াদ বলেন, দায়িত্ব পেলে সততা ও নিষ্ঠার সঙ্গে সংগঠন এবং জনগণের কল্যাণে কাজ করবেন।
যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেনের ভাষ্য, নেতৃত্বের সুযোগ পেলে ছাত্রদলকে আরও শক্তিশালী ও গতিশীল সংগঠনে পরিণত করতে কাজ করবেন।
যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, দায়িত্ব পেলে সাধারণ শিক্ষার্থীদের অধিকার, মেধাভিত্তিক রাজনীতি এবং আধুনিক সাংগঠনিক কাঠামো গড়ে তোলার ওপর গুরুত্ব দেবেন।
সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান বলেন, দায়িত্ব পেলে প্রতিহিংসার রাজনীতি পরিহার করে শিক্ষার্থীদের অধিকার রক্ষা, মেধার মূল্যায়ন এবং জবাবদিহিমূলক ছাত্ররাজনীতি প্রতিষ্ঠায় কাজ করবেন।
























