কারাগারে অসুস্থ দীপু মনি, ঢামেকে ভর্তি

- সংবাদ প্রকাশের সময় : ০২:১৬:২০ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬ ১২ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জ জেলা কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি (৬১)। পরে তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (২৯ জুন) সকাল ৬টার দিকে কারাগারে অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর কারা কর্তৃপক্ষের নির্দেশে দ্রুত তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
হাসপাতালে পৌঁছানোর পর সকাল সোয়া ৮টার দিকে তাকে নতুন ভবনের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি।
দীপু মনিকে হাসপাতালে নিয়ে আসা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. ফজলু বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, সকালে মুন্সীগঞ্জ জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়ার পর তাকে দ্রুত ঢামেক হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসকদের পরামর্শে মেডিসিন বিভাগে তার চিকিৎসা চলছে।
তবে তাৎক্ষণিকভাবে তার অসুস্থতার কারণ ও শারীরিক অবস্থার বিস্তারিত জানা যায়নি। হাসপাতাল সূত্র জানিয়েছে, চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখে প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছেন।























