সাড়ে ৬ ঘণ্টা পর ঢাকা-খুলনা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

- সংবাদ প্রকাশের সময় : ০২:১৩:০২ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬ ১২ বার পড়া হয়েছে
রাজবাড়ীর বসন্তপুর রেলক্রসিংয়ে জিপসামবোঝাই ট্রাক দুর্ঘটনার কারণে প্রায় সাড়ে ছয় ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-খুলনা-রাজশাহী রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
সোমবার (২৯ জুন) সকাল ১০টার দিকে উদ্ধারকারী দল ট্রাকটি সরিয়ে রেললাইন চলাচলের উপযোগী ঘোষণা করলে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়।
এর আগে ভোর ৪টার দিকে রাজবাড়ী-ফরিদপুর সড়কের বসন্তপুর রেলক্রসিংয়ে যশোর থেকে মানিকগঞ্জগামী জিপসামবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রেলক্রসিংয়ের ব্যারিয়ার ও সেফটি ফেন্সিং ভেঙে উল্টে পড়ে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও রেলপথ ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় ট্রেন চলাচল বন্ধ রাখা হয়।
দুর্ঘটনার কারণে রাজবাড়ী স্টেশনে ঢাকাগামী নকশীকাঁথা এক্সপ্রেস, ভাঙ্গাগামী রাজবাড়ী এক্সপ্রেস-১ এবং ফরিদপুরে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস আটকা পড়ে। এতে ভোগান্তিতে পড়েন কয়েকশ যাত্রী।
খবর পেয়ে রেলওয়ের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে ট্রাক সরানোর কাজ শুরু করে। দীর্ঘ ছয় ঘণ্টার চেষ্টার পর ট্রাকটি সরিয়ে রেললাইন নিরাপদ ঘোষণা করা হয়।
ট্রাকের হেলপার সোহেল জানান, চালক অসুস্থ থাকায় তিনি ট্রাক চালাচ্ছিলেন। দীর্ঘ সময় গাড়ি চালানোর কারণে ঘুম চলে আসায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে।
রেলওয়ের কর্মকর্তারা জানান, দুর্ঘটনায় রেল অবকাঠামোর ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে। প্রাথমিকভাবে চালকের পরিবর্তে হেলপারের গাড়ি চালানো এবং ঘুমের কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।





















