রাজশাহীতে ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

- সংবাদ প্রকাশের সময় : ০২:১১:২২ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬ ৮ বার পড়া হয়েছে
রাজশাহী মহানগরীতে লোডশেডিংয়ের সময় ছাদে উঠে অসাবধানতাবশত নিচে পড়ে এক কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৮ জুন) রাতে নগরীর রাজপাড়া থানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম আখতারুজ্জামান (১৮)।
তিনি রাজশাহী মহানগরীর মসজিদ মিশন স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। তাঁর বাবার নাম আসাদুজ্জামান, তাঁদের স্থায়ী বাসা রাজশাহীর পবা থানায়।
জানা গেছে, রাজপাড়া থানা এলাকায় মো. আমিনুল ইসলামের তিনতলা বাড়ির নিচতলায় আখতারুজ্জামানের পরিবার ভাড়া থাকে। গত দুই-তিন দিন ধরে তাঁর মা বাসায় ছিলেন না।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাতে বাসায় বিদ্যুৎ না থাকায় আখতারুজ্জামান ভবনের ছাদে ওঠেন। ধারণা করা হচ্ছে, ছাদের এক কোণায় বসে মোবাইল ফোনে কথা বলার সময় অসাবধানতাবশত তিনি দুই ভবনের মাঝখানের ফাঁকা অংশে পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হন।
পরবর্তীতে তাঁকে দ্রুত উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, নিহতের মরদেহ বর্তমানে রামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।





















