যেকোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা প্রধানমন্ত্রীর

- সংবাদ প্রকাশের সময় : ০২:০৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬ ১১ বার পড়া হয়েছে
অর্থনীতিকে মুষ্টিমেয় মানুষের নিয়ন্ত্রণ থেকে বের করে সাধারণ মানুষের জন্য ন্যায়ভিত্তিক কাঠামো গড়ে তোলাই এবারের বাজেটের মূল লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, সরকার যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে।
প্রধানমন্ত্রী প্রস্তাবিত বাজেটকে ‘জীবনবান্ধব বাজেট’ উল্লেখ করে বলেন, সরকারের সদিচ্ছার কারণে বাজেট ঘোষণার পর অন্যান্য বছরের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়েনি।
তিনি বলেন, বৈশ্বিক ও অভ্যন্তরীণ কারণে দেশের অর্থনীতিতে সংকট রয়েছে। তবে কার্যকর ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে এ সংকট মোকাবিলা করতে চায় সরকার।
তারেক রহমান বলেন, এবারের বাজেটের অন্যতম লক্ষ্য হলো অর্থনীতিতে শৃঙ্খলা ফিরিয়ে আনা, বিনিয়োগের পরিবেশ উন্নত করা এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।
তিনি আরও বলেন, দেশের মানুষ সরকারের ওপর যে আস্থা রেখেছে, তা অক্ষুণ্ন রাখা হবে। বাজেট বাস্তবায়নের মাধ্যমে দেশকে টেকসই অর্থনৈতিক ভিত্তির ওপর দাঁড় করানোই সরকারের লক্ষ্য।
প্রধানমন্ত্রী বলেন, জাতীয় সংসদ ধীরে ধীরে সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে সক্ষম হচ্ছে। বৈষম্যহীন সমাজ গঠনে সরকার কাজ করে যাবে।
















