সোনার দামে বড় পতন, ভরিতে কমল ৫ হাজার ৪৮২ টাকা
- সংবাদ প্রকাশের সময় : ১০:৩৬:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার গহনার দাম ভরিতে কমানো হয়েছে ৫ হাজার ৪৮২ টাকা। নতুন দামে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা।
বুধবার (২৪ জুন) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমায় এ নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
বাজুসের নতুন ঘোষণা অনুযায়ী, দেশের বাজারে ২২ ক্যারেট সোনার গহনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি ভরি ২ লাখ ২৫ হাজার ১০২ টাকা। এছাড়া ২১ ক্যারেট সোনার গহনা বিক্রি হবে প্রতি ভরি ২ লাখ ১৫ হাজার ৫৩ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৮৪ হাজার ৬৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৪৬ হাজার ৭৪০ টাকায়।
এদিকে সোনার পাশাপাশি পরিবর্তন আনা হয়েছে রুপার দামেও। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেট রুপার গহনার দাম প্রতি ভরি ৪ হাজার ৮৪০ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ৬০৭ টাকা, ১৮ ক্যারেট ৩ হাজার ৯৬৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ২ হাজার ৯৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুস জানিয়েছে, সোনার গহনার বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না। তবে গহনার নকশা ও ধরন অনুযায়ী মজুরি আলাদাভাবে প্রযোজ্য হবে।
রুপার গহনার ভ্যাটের বিষয়ে সিদ্ধান্ত প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে পরবর্তী সময়ে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।























