স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো ৪ হাজার ৩৭৪ টাকা
- সংবাদ প্রকাশের সময় : ১১:৪২:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে
দেশের বাজারে স্বর্ণের দাম উল্লেখযোগ্য হারে কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
শুক্রবার (১৯ জুন) বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন মূল্য তালিকা সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দর নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ১৮ হাজার ২৯২ টাকায়। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম রাখা হয়েছে ১ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকা।
এর আগে বৃহস্পতিবার (১৮ জুন) স্বর্ণের দাম পুনর্নির্ধারণ করেছিল বাজুস। তখন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। নতুন সিদ্ধান্তে একদিনের ব্যবধানে মূল্যবান এ ধাতুর দাম উল্লেখযোগ্যভাবে কমলো।
বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ৭৭ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৯ বার দাম বাড়ানো হয়েছে এবং ৩৮ বার কমানো হয়েছে। অন্যদিকে ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছিল, যার মধ্যে ৬৪ বার দাম বৃদ্ধি এবং ২৯ বার হ্রাস করা হয়।
বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামের ওঠানামা এবং স্থানীয় বাজারে কাঁচা স্বর্ণের মূল্য পরিবর্তনের প্রভাবেই দেশের বাজারে স্বর্ণের দাম ঘন ঘন সমন্বয় করা হচ্ছে।






















