ষষ্ঠ-দ্বাদশ শ্রেণিতে যুক্ত হচ্ছে এআই শিক্ষা, নতুন পাঠ্যক্রম ২০২৭ সালে

- সংবাদ প্রকাশের সময় : ০৯:২৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
শুধু কম্পিউটার চালানো কিংবা ইন্টারনেট ব্যবহারের মধ্যে সীমাবদ্ধ থাকছে না শিক্ষার্থীদের প্রযুক্তি শিক্ষা। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার, তথ্য যাচাই, ডিপফেক শনাক্তকরণ থেকে শুরু করে রোবটিক্স ও মেশিন লার্নিং—আধুনিক প্রযুক্তির নানা বিষয় যুক্ত হচ্ছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের পাঠ্যক্রমে। ২০২৭ শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য এসব বিষয় অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নিয়েছে সরকার।
মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে ৭১ বিধিতে দেওয়া বিবৃতিতে এ পরিকল্পনার কথা জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
শিক্ষামন্ত্রী জানান, নতুন পাঠ্যক্রমে শ্রেণিভেদে এআই, ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর), অগমেন্টেড রিয়েলিটি (এআর), ইন্টারনেট অব থিংস, অটোমেশন, মেশিন লার্নিং, ডিপ লার্নিং ও ন্যানোটেকনোলজির মতো বিষয় রাখা হবে। পাশাপাশি প্রযুক্তির নৈতিক ব্যবহার এবং এআই থেকে পাওয়া তথ্যের সত্যতা যাচাইয়ের দক্ষতাও গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।
শ্রেণিভিত্তিক পরিকল্পনায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা শিখবে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রাথমিক ধারণা, এআই-সক্ষম বিভিন্ন টুল, ভার্চুয়াল ও অগমেন্টেড রিয়েলিটি এবং রোবটিক্স। সপ্তম শ্রেণিতে যুক্ত হবে এআই-সক্ষম সার্চ টুলের ব্যবহার, জ্ঞান অর্জনে এআইয়ের প্রয়োগ, ইন্টারনেট অব থিংস এবং বাস্তব জীবনে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার।
অষ্টম শ্রেণির পাঠ্যসূচিতে থাকবে এআই অ্যাসিস্ট্যান্ট, অটোমেশন, ব্যবসা-বাণিজ্যে প্রযুক্তির ব্যবহার, নতুন কর্মসংস্থানের ক্ষেত্র, রিমোট ওয়ার্ক ও ফ্রিল্যান্সিং। নবম ও দশম শ্রেণিতে শিক্ষার্থীরা জানবে এআইয়ের নৈতিক ও অনৈতিক ব্যবহার, ই-কমার্স, উদ্যোক্তা উন্নয়ন, চতুর্থ শিল্পবিপ্লব, মেশিন লার্নিং, ডিপ লার্নিং, রোবটিক্স ও ন্যানোটেকনোলজি সম্পর্কে।
অন্যদিকে একাদশ ও দ্বাদশ শ্রেণিতে কৃত্রিম বুদ্ধিমত্তার পরিচিতি, দৈনন্দিন জীবনে এর ব্যবহার, শিক্ষাক্ষেত্রে প্রয়োগ এবং বিভিন্ন ক্ষেত্রে ব্যবহারিক ব্যবহারের বিষয় অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।
শিক্ষামন্ত্রী বলেন, এআই ব্যবহার করতে পারাই যথেষ্ট নয়; এর মাধ্যমে পাওয়া তথ্য কতটা সঠিক, তা যাচাই ও বাছাই করার সক্ষমতাও শিক্ষার্থীদের থাকতে হবে। এ প্রসঙ্গে সিঙ্গাপুরের স্কুল পাঠ্যক্রমে তথ্য যাচাই ও ডিপফেক-সংক্রান্ত বিষয় অন্তর্ভুক্তির উদাহরণ তুলে ধরেন তিনি। বাংলাদেশের শিক্ষার্থীদের বয়স উপযোগী এআইয়ের দায়িত্বশীল ব্যবহার, ফ্যাক্ট চেকিং ও অনলাইন নিরাপত্তা শেখানোর প্রয়োজনীয়তার কথাও বলেন।
প্রযুক্তি ল্যাবে সাড়ে ৭ হাজার কোটি টাকার পরিকল্পনা
শ্রেণিকক্ষে প্রযুক্তি শিক্ষার পাশাপাশি হাতে-কলমে শেখার সুযোগ তৈরির পরিকল্পনাও রয়েছে সরকারের। এ লক্ষ্যে প্রায় পাঁচ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে প্রযুক্তি ল্যাব স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এসব ল্যাবে এআই, রোবটিক্স, থ্রিডি প্রিন্টিং ও নবায়নযোগ্য জ্বালানিবিষয়ক প্রযুক্তি শেখানোর ব্যবস্থা থাকবে। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে সাড়ে ৭ হাজার কোটি টাকা।
এ ছাড়া নেক্সট জেনারেশন সেকেন্ডারি এডুকেশন প্রকল্পের আওতায় ১ হাজার ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুম, প্রযুক্তি ল্যাব, বিজ্ঞান ও কম্পিউটার ল্যাব স্থাপনের পরিকল্পনা রয়েছে। এ প্রকল্পে শিক্ষক প্রশিক্ষণ ও নতুন শ্রেণিকক্ষ নির্মাণের বিষয়ও অন্তর্ভুক্ত করা হয়েছে। এর প্রাক্কলিত ব্যয় ৩ হাজার ৩৯৭ কোটি ৪৯ লাখ টাকা।
শিক্ষামন্ত্রী জানান, গত ৮ থেকে ১১ সেপ্টেম্বর ইউনেস্কো আয়োজিত ডিজিটাল লার্নিং উইকে বাংলাদেশের প্রতিনিধিরা অংশ নেন। ২০২৬ সালের ওই আয়োজনের মূল প্রতিপাদ্য ছিল ‘কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে শিক্ষা’। সেখানে শিক্ষাক্ষেত্রে এআইয়ের দায়িত্বশীল প্রয়োগ এবং এর অপব্যবহার প্রতিরোধের বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।
সংসদ সদস্য রাশেদা বেগম হীরার এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, প্রথম পর্যায়ে চার হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে ডিজিটাল ল্যাব স্থাপনে ৩৯৭ কোটি টাকা ব্যয় করা হয়েছিল। তবে এসব ল্যাবের কার্যকারিতা সরেজমিনে যাচাইয়ের প্রয়োজনীয়তা তুলে ধরে শিক্ষামন্ত্রীকে তাঁর নির্বাচনী এলাকায় যাওয়ার আহ্বান জানান ওই সংসদ সদস্য।
জবাবে শিক্ষামন্ত্রী বলেন, সরকার আইসিটি শিক্ষাকে গুরুত্ব দিচ্ছে এবং এ খাতে বাজেটে বরাদ্দ রাখা হয়েছে। সংসদ সদস্যের প্রত্যাশা অনুযায়ী সরকার কাজ করছে উল্লেখ করে তিনি জানান, আগামী দিনে পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা হবে।



























