দেশজুড়ে নাশকতার তাণ্ডব, ২৪ ঘণ্টায় ২২ গাড়িতে আগুন; এসপিদের ৫ নির্দেশনা
- সংবাদ প্রকাশের সময় : ০৮:৩৪:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ২০ বার পড়া হয়েছে
টুঙ্গিপাড়ায় পুলিশ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা–কর্মীদের মধ্যে সংঘর্ষের সময় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে টুঙ্গিপাড়া উচ্চবিদ্যালয়–সংলগ্ন সড়কে
দেশের বিভিন্ন স্থানে যানবাহনে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও সড়ক অবরোধের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় সারা দেশে ২২টি যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। একই সময়ে ঢাকা ও দেশের ছয় জেলায় অন্তত ২৮টি স্থানে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে দেশের ৬৪ জেলার পুলিশ সুপারদের (এসপি) সঙ্গে বৈঠক করে নাশকতা প্রতিরোধে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির।
মঙ্গলবার (১০ নভেম্বর) পুলিশ সদর দপ্তর থেকে অনলাইনে অনুষ্ঠিত বৈঠকে আইজিপি নাশকতায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তার, ঝুঁকিপূর্ণ এলাকায় টহল বাড়ানো এবং গোয়েন্দা নজরদারি জোরদারের নির্দেশ দেন। একই সঙ্গে আগের আওয়ামী লীগ সরকারের সময়ের মতো গণগ্রেপ্তার না করার বিষয়েও পুলিশ সুপারদের সতর্ক করেছেন তিনি। বৈঠকে সব মহানগর পুলিশ কমিশনার ও রেঞ্জের উপমহাপরিদর্শকেরা (ডিআইজি) উপস্থিত ছিলেন।
পুলিশ সদর দপ্তর ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সূত্রে জানা গেছে, সোমবার (৯ নভেম্বর) সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ঢাকা মহানগরসহ ঢাকার বাইরে ১১ জেলায় যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এদিকে গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন, সড়ক অবরোধ ও দোকান ভাঙচুরের ঘটনাও ঘটেছে। পরিস্থিতি বিবেচনায় গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশের একটি সূত্রের দাবি, জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা নাশকতায় জড়াচ্ছেন। বিদেশে অবস্থানরত দলটির নেতারা উসকানি দেওয়ার পাশাপাশি অর্থ পাঠাচ্ছেন বলেও দাবি ওই সূত্রের। সাম্প্রতিক ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে নাশকতার নেপথ্যে থাকা ব্যক্তিদের বিষয়ে তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
নাশকতায় গ্রেপ্তার, পুলিশের নজরদারি
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গত রোববার সন্ধ্যার পর অল্প সময়ের ব্যবধানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে আট থেকে নয়টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব ঘটনায় ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বাড়ি গোপালগঞ্জ, রাজশাহী ও নওগাঁয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের কেউ সরাসরি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত নন; টাকার বিনিময়ে তাঁরা এসব কাজ করেছেন।
তবে গত ২৪ ঘণ্টায় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বেশির ভাগই আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত বলে দাবি পুলিশের। পুলিশ সদর দপ্তরের তথ্যানুযায়ী, দেশের বিভিন্ন স্থানে নাশকতার ঘটনায় গত শনিবার থেকে সোমবার পর্যন্ত ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সদর দপ্তরের মুখপাত্র সহকারী মহাপরিদর্শক (এআইজি) কামারুম মুনিরা সংবাদমাধ্যমকে বলেন, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগসহ নাশকতামূলক কর্মকাণ্ডের পেছনে অপরাধীদের পরিকল্পিত তৎপরতা রয়েছে।
তিনি বলেন, নাশকতা ঠেকাতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, ঝুঁকিপূর্ণ এলাকায় টহল ও চেকপোস্ট জোরদার, জনসাধারণের সহযোগিতা এবং সিসিটিভি ও সাইবার মনিটরিংয়ের মাধ্যমে কার্যক্রম চালানো হচ্ছে। গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যেও সমন্বয় করা হচ্ছে। প্রতিটি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কামারুম মুনিরা আরও বলেন, শুধু ঘটনা ঘটার পর ব্যবস্থা নেওয়া নয়, নাশকতা প্রতিরোধে আগাম তথ্য সংগ্রহ, ঝুঁকি নিরূপণ ও প্রতিরোধমূলক পদক্ষেপের ওপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।

রাজধানীর ফার্মগেটে মেট্রোস্টেশনের নিচে আগুনে জ্বলছে বাস। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যার পরে বাসটিতে আগুন দেওয়া হয়
১১ জেলায় যানবাহনে আগুন
পুলিশ সদর দপ্তরের হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগরে চারটি এবং চট্টগ্রাম মহানগরে তিনটি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। ঢাকার বাইরে নারায়ণগঞ্জ, নওগাঁ, গাজীপুর, পটুয়াখালী, ময়মনসিংহ, গাইবান্ধা, সাতক্ষীরা, বগুড়া, মানিকগঞ্জ, দক্ষিণ কেরানীগঞ্জ ও ফরিদপুরে আরও ১৫টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর মধ্যে নারায়ণগঞ্জ, গাজীপুর ও ময়মনসিংহে দুটি করে যানবাহনে আগুন দেওয়া হয়।
ডিএমপি সূত্র জানায়, সোমবার রাতে রাজধানীর ফার্মগেট ও পল্লবী এলাকায় দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন দেওয়া হয়। একই রাতে পুরান ঢাকার সদরঘাট সড়কে দুটি মিনিট্রাকেও অগ্নিসংযোগ করা হয়।
ঢাকার ১৯ স্থানে ককটেল বিস্ফোরণ
সোমবার বিকেল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত রাজধানীর ১৯টি স্থানে ককটেল বিস্ফোরণের খবর পেয়েছে ডিএমপি। এসব ঘটনায় অন্তত ৩৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকার বাইরে মানিকগঞ্জ, গোপালগঞ্জ, চট্টগ্রাম, শরীয়তপুর, কক্সবাজার ও রংপুরেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
ডিএমপির মুখপাত্র উপকমিশনার আকতার হোসেন বলেন, নাশকতার সঙ্গে জড়িত অনেককে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার করার পাশাপাশি পুলিশের টহল বাড়ানো হয়েছে।
গোপালগঞ্জসহ চার জেলায় বাড়তি পুলিশ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার পাশাপাশি কয়েকটি দোকান ভাঙচুর করা হয়। সংঘর্ষে পুলিশ সদস্যসহ কয়েকজন আহত হয়েছেন।
এ ছাড়া কাশিয়ানী উপজেলার বিভিন্ন স্থানে সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট সেতুর পশ্চিম পাশ, সোনাকুড় ও এলজিইডি মোড় এলাকাতেও সড়ক অবরোধ করা হয়। মঙ্গলবার সকাল থেকে টুঙ্গিপাড়া, কাশিয়ানী ও সদর উপজেলার বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটে।
এর আগে সোমবার গভীর রাতে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজার সামনে লগি-বইঠা হাতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ ও ট্রাক ভাঙচুরের ঘটনা ঘটে।
এসব ঘটনার পরিপ্রেক্ষিতে গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। চার জেলার পুলিশ সুপারদের টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর। সংশ্লিষ্ট সূত্র বলছে, কোথাও যাতে লোকজন জড়ো হয়ে বড় ধরনের নাশকতা ঘটাতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।
গণগ্রেপ্তার নয়, নির্দেশনা আইজিপির
মঙ্গলবারের অনলাইন বৈঠকে আইজিপি আলী হোসেন ফকির সাম্প্রতিক নাশকতার ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের নির্দেশ দেন। তবে এ ক্ষেত্রে ঢালাও বা গণগ্রেপ্তার থেকে বিরত থাকার কথাও বলেছেন তিনি।
পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে নাশকতা প্রতিরোধে আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ, ঝুঁকিপূর্ণ এলাকায় নজরদারি এবং দ্রুত পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে গোপালগঞ্জসহ চার জেলায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশনা দেওয়া হয়েছে।























