শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতের বক্তব্য, বলল ‘আইনি বিষয়’

- সংবাদ প্রকাশের সময় : ০৮:২৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে
শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর অনুরোধ এবং তাঁর নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন নিয়ে সরাসরি কোনো অবস্থান জানায়নি ভারত। বিষয়টিকে আইনি ও কারিগরি প্রক্রিয়া হিসেবে উল্লেখ করে নয়াদিল্লি বলেছে, এ বিষয়ে বাংলাদেশের অবস্থান জানতে যোগাযোগ করতে হবে দেশটির হাইকমিশনের সঙ্গে।
মঙ্গলবার (১০ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়ালকে শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির আবেদন নিয়ে প্রশ্ন করা হয়। এক সাংবাদিক জানতে চান, নতুন নথির জন্য আবেদন করলেও বাংলাদেশ তা প্রত্যাখ্যান করেছে বলে যে খবর এসেছে, সেটি নিয়ে দুই দেশের মধ্যে সম্ভাব্য কনস্যুলার বৈঠকে আলোচনা হতে পারে কি না।
জবাবে জয়সওয়াল বলেন, ‘এটি একটি আইনি বিষয় এবং সে অনুযায়ী এর সমাধান করা হবে।’
শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদনের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, মানুষের ভ্রমণের জন্য ভ্রমণসংক্রান্ত নথিপত্র প্রয়োজন। তাঁর ভাষায়, ‘আমি যতটুকু বুঝি, বিষয়টিও সে রকম। তবে এটি কারিগরি বিষয়।’
বাংলাদেশি নাগরিক হিসেবে শেখ হাসিনা নিজ দেশে ফিরতে চাইলে ভারত এ বিষয়ে কোনো ভূমিকা রাখতে পারে কি না—এমন প্রশ্নেও স্পষ্ট কোনো আশ্বাস দেয়নি নয়াদিল্লি। জয়সওয়াল বলেন, এ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বাংলাদেশ হাইকমিশনই সবচেয়ে উপযুক্ত কর্তৃপক্ষ। এ বিষয়ে বাংলাদেশের রাজনৈতিক অবস্থান জানতে হাইকমিশনের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন তিনি।
শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ নিয়ে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে সর্বশেষ আলোচনার অগ্রগতি জানতে চাওয়া হলেও ভারতের মুখপাত্র আগের বক্তব্যই পুনরাবৃত্তি করেন। তিনি বলেন, বিষয়টি আইনি এবং সে অনুযায়ী এর সমাধান করা হবে।
এর আগে শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদনের খবর প্রকাশিত হয়। রয়টার্সের হাতে আসা একটি চিঠির বরাতে বলা হয়, সোমবার দিল্লিতে বাংলাদেশের দূতাবাসে তাঁর আইনজীবীরা এ-সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন। বাংলাদেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার দীর্ঘ শাসনের অবসান ঘটে। পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলায় তাঁর মৃত্যুদণ্ড হয়। তাঁকে দেশে ফেরত পাঠাতে বাংলাদেশ সরকার ভারতের কাছে কয়েক দফায় আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে।
প্রতিবেদনে আগামী ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনার কথাও উল্লেখ করা হয়েছে। তবে তাঁর নেতৃত্বাধীন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় সম্ভাব্য প্রত্যাবর্তন ঘিরে রাজনৈতিক ও আইনি জটিলতার আশঙ্কা রয়েছে।





















