২০২৭ সালের হজে বাংলাদেশের কোটা ৮৩ হাজার ৫০০, বাড়ল ৫ হাজার

- সংবাদ প্রকাশের সময় : ০৫:৪৭:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে
২০২৭ সালে বাংলাদেশ থেকে ৮৩ হাজার ৫০০ জন হজ পালনের সুযোগ পাবেন। সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় হজ চুক্তিতে এ কোটা নির্ধারণ করা হয়েছে। আগের নির্ধারিত কোটার তুলনায় এবার ৫ হাজার হজযাত্রী বেশি যাওয়ার সুযোগ পাচ্ছেন।
সোমবার (৯ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় সৌদি আরবের জেদ্দায় দুই দেশের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ এবং সৌদি আরবের পক্ষে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল-রাবিয়াহ চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষরের পর ধর্মমন্ত্রী জানান, বাংলাদেশের পক্ষ থেকে বিশেষ অনুরোধ জানানো হলে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী তাৎক্ষণিকভাবে দেশের হজ কোটা ৫ হাজার বাড়াতে সম্মত হন। এতে ২০২৭ সালের জন্য বাংলাদেশের মোট কোটা দাঁড়িয়েছে ৮৩ হাজার ৫০০ জনে। এর আগে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনা মিলিয়ে বাংলাদেশ থেকে ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করেছিলেন।
বৈঠকে বাংলাদেশের হজ ব্যবস্থাপনার অগ্রগতি নিয়েও আলোচনা হয়। ধর্মমন্ত্রী জানান, হজযাত্রীর কোটা নির্ধারণে সৌদি আরবের মীনায় তাঁবুর ধারণক্ষমতার সীমাবদ্ধতা রয়েছে। তবে অন্য কোনো দেশ তাদের নির্ধারিত কোটা পূরণ করতে না পারলে কিংবা কোনো দেশের কোটা বাতিল হলে সেই আসনগুলো অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশকে দেওয়ার বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছেন সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী।
ধর্মমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, বাংলাদেশের জন্য প্রয়োজনীয় সহযোগিতার বিষয়ে সৌদি মন্ত্রী বলেছেন, ‘তোমাদের (বাংলাদেশের) জন্য যা করার দরকার আমরা করব।’
হজ কোটা বৃদ্ধি ও সার্বিক সহযোগিতার জন্য সৌদি সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান ধর্মমন্ত্রী। সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আল সৌদের নেতৃত্বের প্রশংসা করেন তিনি। একই সঙ্গে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী, বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ. বিন আবিয়াহ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানান।
ধর্মমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার হজ ব্যবস্থাপনাকে আরও সহজ, স্বচ্ছ ও সেবামুখী করতে কাজ করছে। হজযাত্রীদের সেবার মানোন্নয়ন এবং প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করার প্রচেষ্টা অব্যাহত থাকবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সৌদি হজ ও ওমরাহ সহকারী মন্ত্রী ড. আল হাসান আল মোনাখা, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. মো. আয়াতুল ইসলাম, বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ. বিন আবিয়াহ, সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসেন, জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন এবং কাউন্সিলর (হজ) মো. কামরুল ইসলামসহ দুই দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





















