কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রচারণাও নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী

- সংবাদ প্রকাশের সময় : ০৪:৪০:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক কর্মকাণ্ডের পাশাপাশি দলটির কার্যক্রমের প্রচারণাও নিষিদ্ধ বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। এ বিষয়ে গণমাধ্যমকেও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
ইয়াসের খান চৌধুরী বলেন, “আওয়ামী লীগের কার্যক্রম যেমন নিষিদ্ধ, তাদের কার্যক্রমের প্রচারণা করাও নিষিদ্ধ। এটা গণমাধ্যমেরও মনে রাখা উচিত বলে আমি মনে করি।”
আওয়ামী লীগের বিরুদ্ধে অগ্নিসংযোগ ও সহিংসতার অভিযোগ তুলে প্রতিমন্ত্রী বলেন, “কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে আগুন সন্ত্রাস, এটা নতুন কিছু নয়। জন্মলগ্ন থেকেই তারা আগুন সন্ত্রাস করছে। তাদের জন্মলগ্ন থেকেই তারা গুম-খুনের সঙ্গে জড়িত এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।”
তিনি বলেন, যারা অগ্নিসংযোগ করছে, তাদের কাছে এটি নতুন কিছু নয়। দলটির রাজনীতি ধ্বংসের বলে মন্তব্য করে তিনি বলেন, শুধু আওয়ামী লীগের কার্যক্রমই নিষিদ্ধ করা হয়নি; ২০২৫ সালের ১২ মে প্রকাশিত বাংলাদেশ গেজেটেও এ বিষয়ে স্পষ্ট নির্দেশনা রয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, গেজেট অনুযায়ী বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যেকোনো ধরনের প্রকাশনা, গণমাধ্যম ও অনলাইন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা, মিছিল, সমাবেশ, সভা আয়োজনসহ যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাধারণ মানুষ এ বিষয়ে তৎপর রয়েছেন। পুলিশসহ সংশ্লিষ্ট বাহিনী সন্ত্রাসী সংগঠন ও অপরাধীদের ধরতে প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে। ইতিমধ্যে বিভিন্ন এলাকায় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সাম্প্রতিক অগ্নিসংযোগের ঘটনা প্রসঙ্গে ইয়াসের খান চৌধুরী বলেন, “রাতের অন্ধকারে দুই-চারজন এসে এক জায়গায় স্লোগান শুরু করে, দুই মাইল জায়গায় দৌড়াইয়া গিয়ে স্লোগান শেষ করে, এটা তো করতেই পারে। রাতের অন্ধকারে কোথাও গাড়ি পার্ক করে গেছে, কোথাও বাস পার্ক করে গেছে, বাসস্টপে রেখে গেছে। একটা ছোট আগুন লাগিয়ে দিয়ে চলে যেতেই পারে। তবে এতে বারবার প্রমাণিত হচ্ছে, আগুন সন্ত্রাস তারাই করে।”
তিনি এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পদক্ষেপ অব্যাহত রয়েছে বলেও জানান।























