কিশোর অপরাধ ও মাদক ঠেকাতে শিক্ষাপ্রতিষ্ঠানে নজরদারি বাড়ানোর তাগিদ টুকুর

- সংবাদ প্রকাশের সময় : ০৪:২৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে
কিশোর অপরাধ ও মাদকের বিস্তার রোধে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নজরদারি বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং ঢাকা জেলার আইনশৃঙ্খলা ও অন্যান্য উন্নয়ন কার্যক্রম তদারকির দায়িত্বপ্রাপ্ত সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠান নিয়মিত পরিদর্শন এবং শিক্ষার্থীদের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হলে কিশোর অপরাধসহ অনেক সামাজিক সমস্যা প্রতিরোধ করা সম্ভব।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১১টায় ঢাকার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, “বিগত ফ্যাসিস্ট সরকার আমাদের সমাজব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। আগে কিশোর গ্যাং বলতে কিছু ছিল না। কিন্তু বিগত ১৭ বছরে কিশোরদের অপরাধের সঙ্গে সম্পৃক্ত করা হয়েছে। এই অপরাধপ্রবণতা রোধ করতে হবে, যাতে তা আর বাড়তে না পারে।”
শিক্ষা কর্মকর্তাদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, নিয়মিত শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করতে হবে। শিক্ষা কর্মকর্তারা বিদ্যালয় পরিদর্শন করলে এবং প্রধান শিক্ষক ও অধ্যক্ষরা শিক্ষার্থীদের কার্যক্রম পর্যবেক্ষণ করলে অনেক সমস্যার সমাধান সম্ভব। এ বিষয়ে সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
কৃষি কর্মকর্তাসহ সরকারি সব কর্মকর্তাকে মাঠপর্যায়ে দায়িত্ব পালনের তাগিদ দিয়ে টুকু বলেন, প্রত্যেককে নিজ নিজ কাজের জন্য জবাবদিহি করতে হবে এবং নৈতিক দায়িত্ব পালন করতে হবে। পরবর্তী সভায় প্রতিটি খাতের কাজের অগ্রগতি ও জবাবদিহি পর্যালোচনা করা হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব ও সরকারের কার্যক্রমের প্রসঙ্গ টেনে প্রতিমন্ত্রী বলেন, রাষ্ট্র পরিচালনায় প্রধানমন্ত্রী উদার মানসিকতার পরিচয় দিচ্ছেন। উদারতা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার দিক থেকে তাঁদের কোনো কমতি নেই। বিগত সরকার সব ক্ষেত্রকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল উল্লেখ করে তিনি বলেন, সেখান থেকে রাষ্ট্রকে ঘুরে দাঁড় করাতে সবার সম্মিলিত প্রচেষ্টা ও আন্তরিকতা প্রয়োজন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী চান, সবাই নিয়মের মধ্যে থেকে নিজ নিজ দায়িত্ব পালন করুক। সবাই সহযোগিতা করলে জনগণের প্রত্যাশা বাস্তবায়ন সম্ভব হবে।
ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। এ ছাড়া উপস্থিত ছিলেন ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শিরিন সুলতানা, শাম্মী আক্তার ও সানজিদা ইসলাম তুলি, ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন, বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), জেলা ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি এবং জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা।
সভায় অপরাধ দমন ও প্রতিরোধে পরিচালিত মোবাইল কোর্ট ও অভিযান, মাস ও বছরভিত্তিক অপরাধ পরিস্থিতির তুলনামূলক চিত্র পর্যালোচনা করা হয়। পাশাপাশি মাদকদ্রব্যের অপব্যবহার নিয়ন্ত্রণ, ভোক্তা অধিকার সংরক্ষণ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারমূল্য নিয়ন্ত্রণ ও তদারকি, সন্ত্রাস, জঙ্গিবাদ ও নাশকতামূলক পরিস্থিতি মোকাবিলা, চোরাচালান মামলা পর্যবেক্ষণ এবং চোরাচালানবিরোধী টাস্কফোর্সের অভিযান নিয়েও আলোচনা হয়।



























