৮০ লাখ টাকা ঘুষ দাবি, এক লাখ টাকা নেয়ার সময় আটক সার্ভেয়ার

- সংবাদ প্রকাশের সময় : ০৩:১২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে
জমির সীমানা নির্ধারণ ও নামজারি করে দেওয়ার বিনিময়ে ৮০ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগে ঢাকার লালবাগ রাজস্ব সার্কেলের এক সার্ভেয়ারকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার সকালে এক লাখ টাকা ঘুষ নেওয়ার সময় তাঁকে হাতেনাতে আটক করা হয়।
আটক সার্ভেয়ারের নাম মোহাম্মদ আসাদুল ইসলাম। দুদকের ঢাকা-১ জেলা কার্যালয়ের একটি বিশেষ দল পরিকল্পিত ফাঁদ অভিযান চালিয়ে তাঁকে আটক করে। সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
দুদকের বিজ্ঞপ্তি অনুযায়ী, অবসরপ্রাপ্ত সৈনিক মনিরুল ইসলাম ঢাকার লালবাগ থানার চর-কামরাঙ্গী মৌজায় বিভিন্ন দাগে মোট ২৮২ শতাংশ জমির মালিকদের কাছ থেকে নিবন্ধিত অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নি নেন। এর মাধ্যমে জমির মালিকদের পক্ষে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনার আইনি ক্ষমতা পান তিনি।
ওই জমির সীমানা নির্ধারণ, সরকারি ও ব্যক্তিমালিকানাধীন জমির পৃথক অবস্থান চিহ্নিত করা এবং নকশা তৈরির জন্য গত ২৭ এপ্রিল ঢাকা জেলা প্রশাসকের কাছে আবেদন করেন মনিরুল ইসলাম।
কিন্তু পরবর্তী প্রায় ছয় মাস লালবাগ রাজস্ব সার্কেলে একাধিকবার যোগাযোগ করেও কাজটি সম্পন্ন করতে পারেননি তিনি। একপর্যায়ে তাঁকে সংশ্লিষ্ট কার্যালয়ের সার্ভেয়ার আসাদুল ইসলামের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়।
দুদকের দাবি, জমির সীমানা নির্ধারণ ও নামজারির কাজ করে দেওয়ার বিনিময়ে মনিরুলের কাছে ৮০ লাখ টাকা ঘুষ চান আসাদুল। বিষয়টি দুদককে জানিয়ে ঘুষ দাবির সঙ্গে জড়িত ব্যক্তিকে হাতেনাতে ধরার জন্য ফাঁদ অভিযান পরিচালনার অনুরোধ করেন মনিরুল।
অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাইয়ের পর মঙ্গলবার সকালে অভিযান চালায় দুদকের বিশেষ দল। এ সময় এক লাখ টাকা ঘুষ গ্রহণের মুহূর্তে আসাদুল ইসলামকে আটক করা হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
দুদক জানিয়েছে, আসাদুল ইসলামের বিরুদ্ধে ঢাকা-১ জেলা কার্যালয়ে মামলা দায়ের এবং তাঁকে আদালতে সোপর্দ করার আইনি প্রক্রিয়া চলছে।



























