শেরেবাংলা নগরে জাতীয় যুবমেলাসহ সব মেলা স্থগিত
- সংবাদ প্রকাশের সময় : ০৩:৫৬:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে
ঢাকার শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্যমেলার মাঠে জাতীয় যুবমেলাসহ সব ধরনের মেলা আয়োজন স্থগিত করা হয়েছে। তবে জাতীয় যুবদিবস উপলক্ষে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় স্থানীয়ভাবে যুবমেলা অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সচিবালয়ে আগামী ১ নভেম্বর জাতীয় যুবদিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাধার মুখে জাতীয় যুবমেলার স্থান নিয়ে তৈরি হওয়া পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, গণপূর্ত মন্ত্রণালয় থেকে বৃহস্পতিবার সকালে ওই মাঠে সব ধরনের মেলা স্থগিতের বিষয়ে আনুষ্ঠানিক চিঠি দেওয়া হয়েছে। চিঠির পরিপ্রেক্ষিতেই মেলাগুলো স্থগিত করা হয়েছে।
আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মাঠটিতে সব ধরনের মেলা স্থগিত করা হয়েছে বলে জানান তিনি।
জাতীয় পর্যায়ে যুবমেলা আয়োজন করা হবে কি না, এমন প্রশ্নের জবাবে আমিনুল হক বলেন, আপাতত জাতীয় পর্যায়ের যুবমেলা স্থগিত রাখা হয়েছে। তবে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় স্থানীয়ভাবে যুবমেলার আয়োজন করা হবে।
মেলা স্থগিতের কারণ সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, গণপূর্ত মন্ত্রণালয়ের চিঠিতে নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি। ওই মাঠে যেসব মেলা আয়োজনের পরিকল্পনা ছিল, সেগুলো সবই আপাতত স্থগিত ঘোষণা করা হয়েছে।
তিনি আরও জানান, জাতীয় পর্যায়ে যুবমেলা স্থগিত হলেও বায়োগ্যাস প্ল্যান্ট থেকে চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্র পর্যন্ত নির্ধারিত আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে।


























