২০৩১ বিশ্বকাপের অন্তত একটি সেমিফাইনাল বাংলাদেশে চায় বিসিবি

- সংবাদ প্রকাশের সময় : ০৭:৫৪:৩৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
আইসিসির সঙ্গে আলোচনা চালাচ্ছেন সভাপতি তামিম ইকবাল, গ্রুপ পর্বের বাইরেও বাড়তি ম্যাচ আয়োজনের প্রত্যাশা
২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপের যৌথ আয়োজক বাংলাদেশ ও ভারত। তবে শুধু গ্রুপ পর্বের ম্যাচ আয়োজনেই সন্তুষ্ট থাকতে চায় না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশ্বকাপের অন্তত একটি সেমিফাইনাল দেশের মাটিতে আয়োজন করতে চায় বোর্ড। এ লক্ষ্য নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।
রোববার (২২ নভেম্বর) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ পরিকল্পনার কথা জানান তিনি।
তামিম বলেন, বাংলাদেশ ও ভারত ২০৩১ বিশ্বকাপের যৌথ আয়োজক হবে—এ সিদ্ধান্ত অনেক আগেই নেওয়া হয়েছে। ফলে পুরোনো ওই সিদ্ধান্তে তাঁর বা বর্তমান বোর্ডের কোনো ভূমিকা নেই। তবে বিশ্বকাপে বাড়তি কিছু অর্জনের লক্ষ্যে আইসিসির সঙ্গে আলোচনা করছেন তাঁরা।
বিসিবি সভাপতি বলেন, ‘বাংলাদেশ ও ভারত যে একসঙ্গে ২০৩১ বিশ্বকাপ আয়োজন করবে, সেই ঘোষণা বহু আগেই এসেছে। পুরোনো এই সিদ্ধান্তে আমার কিংবা বর্তমান বোর্ডের কোনো ভূমিকা নেই। তবে একটি বিশেষ বিষয় নিয়ে আইসিসির সঙ্গে কথা বলছি, তাদের বোঝানোর চেষ্টা করছি। আমার বিশ্বাস, আমরা সফল হব। লক্ষ্য হলো—অন্তত একটি সেমিফাইনাল যেন বাংলাদেশে রাখা যায়। বিষয়টি নিয়ে আমি বেশ আশাবাদী।’
আইসিসির সঙ্গে আলোচনার অগ্রগতি নিয়েও আশাবাদী তামিম। তাঁর প্রত্যাশা, আনুষ্ঠানিক সিদ্ধান্ত এলে বাংলাদেশের জন্য ইতিবাচক খবর আসবে। গ্রুপ পর্বের ম্যাচের পাশাপাশি আগের তুলনায় বেশি ম্যাচ আয়োজনের সুযোগ পাওয়ারও আশা করছেন তিনি।
তামিম বলেন, ‘আইসিসির সঙ্গে আমার কথা চলছে। সময়মতো যখন আইসিসি আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানাবে, তখন ভালো কিছুই আসবে বলে আমার ধারণা। গ্রুপ পর্বের ম্যাচ তো থাকছেই, পাশাপাশি আগের চেয়ে ম্যাচের সংখ্যাও বাড়বে বলে আশা করি। আর একটি সেমিফাইনাল আয়োজনের স্বত্ব পেলে তা দেশের ক্রিকেটের জন্য দারুণ প্রাপ্তি হবে। সে চেষ্টাই করছি।’
এর আগে ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপে ভারত ও শ্রীলঙ্কার সঙ্গে যৌথ আয়োজক ছিল বাংলাদেশ। সে আসরে দেশের মাটিতে গ্রুপ পর্বের ম্যাচের পাশাপাশি দুটি কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল। তবে সেমিফাইনাল আয়োজনের সুযোগ পায়নি বাংলাদেশ।
২০৩১ সালের ৯ অক্টোবর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত বিশ্বকাপ আয়োজনের সূচি নির্ধারিত রয়েছে। এবার অন্তত একটি সেমিফাইনাল দেশের মাটিতে আয়োজন করতে পারলে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের অবস্থান ও আয়োজক সক্ষমতা তুলে ধরার বড় সুযোগ তৈরি হবে।
























