ব্যাংক বোর্ডে রাজনীতির প্রভাব ছাঁটাই, এক পরিবারে পরিচালক সর্বোচ্চ দুজন

- সংবাদ প্রকাশের সময় : ০১:২১:০৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে
এমপি-মন্ত্রী ও স্থানীয় জনপ্রতিনিধিদের পরিচালক পদে নিষেধাজ্ঞার প্রস্তাব; পরিচালকদের মেয়াদ ১২ থেকে ছয় বছর, স্বতন্ত্র পরিচালক বাড়ানোর উদ্যোগ
ব্যাংকের পরিচালনা পর্ষদে রাজনৈতিক প্রভাব ও পারিবারিক আধিপত্য কমাতে বড় ধরনের পরিবর্তনের পথে হাঁটছে সরকার। নতুন প্রস্তাব কার্যকর হলে মন্ত্রী, সংসদ সদস্য (এমপি) ও স্থানীয় সরকারের জনপ্রতিনিধিরা বেসরকারি ব্যাংকের পরিচালক হতে পারবেন না। এক পরিবারের সদস্যদের পরিচালক পদে থাকার সুযোগও কমে আসবে। পাশাপাশি পরিচালকদের দায়িত্ব পালনের মেয়াদ অর্ধেক করা এবং স্বতন্ত্র পরিচালকের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।
ব্যাংক খাতে দীর্ঘদিনের অনিয়ম, ঋণ কেলেঙ্কারি ও প্রভাবশালী গোষ্ঠীর নিয়ন্ত্রণের অভিযোগের মধ্যে এসব পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ‘ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১’ সংশোধনের খসড়া চূড়ান্ত করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, চলতি সপ্তাহে খসড়াটি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানোর কথা রয়েছে। এরপর মন্ত্রিসভার অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।
প্রস্তাবিত আইনে শুধু রাজনৈতিক পদধারীদের পরিচালনা পর্ষদ থেকে দূরে রাখার কথাই বলা হয়নি, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বা প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবেও রাজনৈতিক পদধারীদের নিয়োগের অযোগ্য করার উদ্যোগ রয়েছে।
পরিবারের নিয়ন্ত্রণে লাগাম
বর্তমান আইনে একটি ব্যাংকের পরিচালনা পর্ষদে একই পরিবারের সর্বোচ্চ তিনজন সদস্য থাকতে পারেন। নতুন প্রস্তাবে এ সংখ্যা কমিয়ে দুজন করার কথা বলা হয়েছে। একই পরিবারের স্বার্থসংশ্লিষ্ট বা নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান থেকে প্রতিনিধি পরিচালক রাখার সুযোগও দুজনের পরিবর্তে একজন করার প্রস্তাব রয়েছে।
বিভিন্ন সময়ে দেশের কয়েকটি শিল্পগোষ্ঠীর বিরুদ্ধে ব্যাংকের মালিকানা ও পরিচালনায় পারিবারিক আধিপত্য প্রতিষ্ঠা, ঋণ বিতরণে প্রভাব বিস্তার এবং অনিয়মের অভিযোগ উঠেছে। নতুন বিধানের লক্ষ্য, ব্যাংকের সিদ্ধান্ত গ্রহণে একক পরিবার বা গোষ্ঠীর প্রভাব সীমিত করা।
১২ বছরের মেয়াদ নামছে ছয়ে
ব্যাংকের পরিচালকদের দীর্ঘদিন একই পদে থাকার সুযোগও কমাতে চায় সরকার। খসড়ায় একটানা দায়িত্ব পালনের সর্বোচ্চ মেয়াদ ১২ বছর থেকে কমিয়ে ছয় বছর করার প্রস্তাব রয়েছে। ছয় বছর দায়িত্ব পালনের পর পরবর্তী তিন বছর একই ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকা যাবে না।
পরিচালকদের মেয়াদ বাড়ানোর ইতিহাসও দীর্ঘ। একটানা দায়িত্ব পালনের সময়সীমা আগে ছয় বছর থাকলেও ২০১৮ সালে তা বাড়িয়ে নয় বছর করা হয়। ২০২৩ সালে আবারও বাড়িয়ে ১২ বছর নির্ধারণ করা হয়েছিল। এবার সেই মেয়াদ অর্ধেকে নামিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
স্বতন্ত্র পরিচালকের সংখ্যা বাড়বে
ব্যাংকের পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালকের প্রতিনিধিত্ব বাড়ানোর প্রস্তাবও রয়েছে সংশোধনীতে। বর্তমানে সর্বোচ্চ ২০ সদস্যের পর্ষদে দুই থেকে তিনজন স্বতন্ত্র পরিচালক রাখার বিধান রয়েছে। নতুন প্রস্তাবে তা বাড়িয়ে তিন থেকে চারজন করার কথা বলা হয়েছে। ২০ জনের কম সদস্যের পর্ষদে স্বতন্ত্র পরিচালকের সংখ্যা দুজন থেকে বাড়িয়ে তিনজন করার প্রস্তাব রয়েছে।
তবে শুধু সংখ্যা বাড়িয়েই স্বতন্ত্র পরিচালকের স্বাধীনতা নিশ্চিত করতে চায় না সরকার। নিয়োগের ক্ষেত্রে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও শেয়ারহোল্ডারদের প্রভাবমুক্ত রাখার পাশাপাশি ব্যাংকের সঙ্গে অতীত, বর্তমান বা ভবিষ্যতে স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের এ পদে নিয়োগ না দেওয়ার প্রস্তাব করা হয়েছে।
কৌশলগত বিনিয়োগে বিশেষ সুযোগ
ব্যাংকের শেয়ার কেনার ক্ষেত্রেও নতুন বিধান যুক্ত হতে পারে। বর্তমানে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা একই পরিবারের সদস্যরা একটি ব্যাংকের ১০ শতাংশের বেশি শেয়ার কিনতে পারেন না। প্রস্তাবিত সংশোধনীতে কৌশলগত বিনিয়োগকারীদের জন্য এ সীমা শিথিল করার ক্ষমতা বাংলাদেশ ব্যাংকের হাতে দেওয়ার কথা বলা হয়েছে। তবে কারা কৌশলগত বিনিয়োগকারী হিসেবে বিবেচিত হবেন এবং কী শর্তে শেয়ার কিনতে পারবেন, তা নির্ধারণ করবে কেন্দ্রীয় ব্যাংক। সাধারণ বিনিয়োগকারীদের ক্ষেত্রে ১০ শতাংশের সীমা বহাল থাকবে।
পরিচালকদের ঋণ ও অনুপস্থিতিতেও কড়াকড়ি
পরিচালকের পদ ছাড়লেই ব্যাংকের কাছে থাকা ঋণের দায় থেকে অব্যাহতি মিলবে না। খসড়া অনুযায়ী, দায়িত্ব পালনকালে ব্যাংক থেকে নেওয়া ঋণের সম্পূর্ণ বকেয়া পরিশোধ করতে হবে। ঋণ পুনঃতফসিল বা অন্য কোনো উপায়ে নিয়মিত করার সুযোগ রাখা হবে না।
এ ছাড়া কোনো পরিচালক একটানা তিন মাসের বেশি পর্ষদ সভায় অনুপস্থিত থাকতে পারবেন না। এর বেশি সময় অনুপস্থিত থাকার অনুমতি বছরে সর্বোচ্চ একবার নেওয়া যাবে।
প্রস্তাবিত সংশোধনীগুলোর মূল লক্ষ্য ব্যাংকের পরিচালনা কাঠামোয় জবাবদিহি বাড়ানো এবং রাজনৈতিক ও পারিবারিক প্রভাবের সুযোগ সংকুচিত করা। তবে আইনের খসড়া চূড়ান্ত হলেও এখনো তা কার্যকর হয়নি। মন্ত্রিসভার অনুমোদন ও পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে এসব পরিবর্তনের বাস্তবায়ন নির্ভর করবে।





















