ইসিকে ঘিরে রাজনৈতিক বিরোধ, আস্থার সংকটে জামায়াত-এনসিপি

- সংবাদ প্রকাশের সময় : ১১:৪৪:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ১২ বার পড়া হয়েছে
২১ জানুয়ারি প্রথম ধাপের ভোট, পাঁচ ধাপে নির্বাচন শেষ করার প্রস্তুতি; ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে পরাজয়ের পর ইসির পদত্যাগ দাবি ও আন্দোলনের হুঁশিয়ারি, বিএনপির অভিযোগ—চাপ তৈরির পেছনে ভিন্ন উদ্দেশ্য
স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে উঠে এসেছে নির্বাচন কমিশন (ইসি)। ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপ আগামী ২১ জানুয়ারি শুরু করার পরিকল্পনা নিয়ে পাঁচ ধাপে ভোটগ্রহণ শেষ করার প্রস্তুতি চূড়ান্ত করছে কমিশন। অন্যদিকে নির্বাচনী মাঠ গোছাতে ব্যস্ত রাজনৈতিক দলগুলোও। তবে ভোটের প্রস্তুতির মধ্যেই নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে পরাজয়ের পর অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করেছে দল দুটি। দাবি আদায় না হলে আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হচ্ছে। বিপরীতে বিএনপি বর্তমান কমিশনের পক্ষে অবস্থান নিয়ে বলছে, এখন পর্যন্ত অনুষ্ঠিত নির্বাচনগুলো সুষ্ঠু হয়েছে। কমিশনকে কাজ করার সুযোগ না দিয়ে পদত্যাগের দাবি তোলাকে রাজনৈতিক চাপ সৃষ্টির কৌশল হিসেবেও দেখছে দলটি।
এতে স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর প্রস্তুতির পাশাপাশি নির্বাচন কমিশনকে কেন্দ্র করে নতুন মেরুকরণের ইঙ্গিত মিলছে।
ইসির ওপর আস্থার প্রশ্নে মুখোমুখি রাজনৈতিক দলগুলো
ইউনিয়ন পরিষদ নির্বাচনের পাঁচ ধাপের প্রস্তুতির মধ্যেই নির্বাচন কমিশনের ওপর আস্থাহীনতার কথা জানাচ্ছে জামায়াত ও এনসিপি। ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে অনিয়মের অভিযোগকে সামনে এনে কমিশনের পদত্যাগ দাবি করছে তারা। একই সঙ্গে দাবি আদায়ে আন্দোলনের কর্মসূচির হুঁশিয়ারিও দেওয়া হচ্ছে।
তবে বিএনপির বক্তব্য, একটি নির্বাচনে পরাজয়ের পর কমিশনের বিরুদ্ধে অভিযোগ তুলে পদত্যাগ দাবি করা রাজনৈতিকভাবে গ্রহণযোগ্য নয়। তাদের মতে, নতুন নির্বাচন কমিশনকে দায়িত্ব পালনের পর্যাপ্ত সুযোগ দেওয়া প্রয়োজন। কমিশনের কাজে নির্দিষ্ট কোনো অনিয়ম থাকলে তা তথ্য-প্রমাণসহ তুলে ধরার আহ্বানও জানাচ্ছে দলটি।
বিএনপির সহকারী অর্থ সম্পাদক মাহমুদুর রহমান সুমন বলেন, ‘নির্বাচন কমিশন তো নতুন। তাকে কাজ করার সুযোগই দেয়া হয়নি। আগে তাকে কাজ করার সুযোগ দিতে হবে। এরপর কোনো অভিযোগ থাকলে তা নিয়ে আসতে পারেন। কিন্তু তাকে কাজ করার সুযোগ না দিয়ে বিভিন্ন দাবি তুলে আন্দোলন চালিয়ে যাওয়া হচ্ছে। এটি নতুন কিছু নয়। একটি আন্দোলন ব্যর্থ হলে নতুন দাবি সামনে আনা হচ্ছে।’
প্রথম ধাপের ভোটের পর সমালোচনার পরামর্শ বিএনপির
নির্বাচন কমিশনের পদত্যাগ দাবির বিষয়ে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক। তাঁর মতে, স্থানীয় সরকার নির্বাচনের অন্তত প্রথম ধাপ সম্পন্ন হওয়ার পর কমিশনের কার্যক্রম নিয়ে সমালোচনা করা যেতে পারে।
তিনি বলেন, ‘আমি মনে করি, আগে স্থানীয় সরকার নির্বাচন হতে দেওয়া উচিত। অন্তত প্রথম ধাপের নির্বাচনটি হতে দিন। এরপর সমালোচনা করুন। সংসদ নির্বাচনের ঠাকুরগাঁও আসন নিয়ে কিংবা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কথা বলার সময় এখনো আসেনি। তাই আমার মনে হয়, এই মুহূর্তে একটি সচেতন ও স্বাধীন নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করা উচিত নয়। এ সময়ে নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করাটা কতটা অসংগত, তা তাঁদের নিজেদেরই বোঝা উচিত। তাঁদের আরও সচেতন হওয়া প্রয়োজন।’
বিএনপি নেতাদের বক্তব্যে কমিশনের প্রতি আস্থা রাখার পাশাপাশি সাংবিধানিক প্রতিষ্ঠান নিয়ে রাজনৈতিক বক্তব্য দেওয়ার ক্ষেত্রে বিরোধী দলগুলোর সতর্কতার বিষয়টিও উঠে এসেছে। তাঁদের দাবি, বর্তমান নির্বাচন কমিশনের ওপর বিএনপির শতভাগ আস্থা রয়েছে।
স্থানীয় নির্বাচন ঘিরে বাড়ছে রাজনৈতিক চাপ
ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলো যখন প্রার্থী বাছাই ও সাংগঠনিক প্রস্তুতিতে ব্যস্ত, তখন নির্বাচন কমিশনের গ্রহণযোগ্যতা নিয়ে বিতর্ক নতুন রাজনৈতিক চাপ তৈরি করছে। একদিকে জামায়াত ও এনসিপি কমিশনের পদত্যাগের দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছে, অন্যদিকে বিএনপি কমিশনকে কাজের সুযোগ দেওয়ার পক্ষে অবস্থান নিয়েছে।
ফলে স্থানীয় সরকার নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বিতার পাশাপাশি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও রাজনৈতিক দলগুলোর অবস্থান স্পষ্ট হয়ে উঠছে। এখন কমিশন কীভাবে নির্বাচনী প্রস্তুতি ও আস্থার সংকট মোকাবিলা করে, সেটিই হয়ে উঠছে আগামী দিনের গুরুত্বপূর্ণ প্রশ্ন।




























