পোশাক খাতের অস্থিরতার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য দেখছেন শামা ওবায়েদ

- সংবাদ প্রকাশের সময় : ০২:৩৪:০৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে
অর্থনীতি ও গার্মেন্টস শিল্পকে বিপদে ফেলতেই সড়কে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ; শিল্প রক্ষায় সরকার, শ্রমিক, মালিকসহ সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
দেশের তৈরি পোশাক খাতে চলমান অস্থিরতাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তাঁর অভিযোগ, দেশের অর্থনীতি ও পোশাকশিল্পকে বিপদে ফেলতেই একটি মহল সড়কে বিশৃঙ্খলা ও অস্থিরতা তৈরি করছে।
রোববার (২২ নভেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে কর্মক্ষেত্রে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা (ওএসএইচ) বিষয়ক এক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, দেশের অর্থনীতি, ভবিষ্যৎ এবং গার্মেন্টস শিল্পকে ক্ষতিগ্রস্ত করার অসৎ উদ্দেশ্যেই এসব কর্মকাণ্ড চালানো হচ্ছে। এর আগে তিনি অভিযোগ করেছিলেন, পতিত ফ্যাসিবাদী শক্তি পোশাক খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। অথচ শ্রমিকদের ন্যায্য দাবি পূরণ এবং তৈরি পোশাকশিল্পের বিকাশে বর্তমান সরকার শতভাগ আন্তরিকতার সঙ্গে কাজ করছে।
চলতি অর্থবছরে শ্রমিক ও পোশাকশিল্পবান্ধব বাজেট দেওয়া হয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এরপরও যেসব কর্মকাণ্ড চলছে, তাতে এর পেছনে থাকা মহলটির উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। তাঁর ভাষ্য, দীর্ঘদিন ধরে তৈরি পোশাকশিল্পের মাধ্যমে অর্জিত নারীর ক্ষমতায়নকে অস্বীকার করে ওই মহল বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্র হিসেবে দেখতে চায়।
দেশের পোশাকশিল্পের বিকাশের ইতিহাস তুলে ধরে তিনি বলেন, গাজীপুরে উৎপাদিত পোশাক এখন স্টকহোম, আমস্টারডাম, কোপেনহেগেন ও টরন্টোর বাজারে পৌঁছে যাচ্ছে। আশির দশকের শুরুতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ‘মেইড ইন বাংলাদেশ’ নিয়ে বিশ্বদরবারে গর্বিত হওয়ার যে স্বপ্ন দেখেছিলেন, পরবর্তী সময়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নীতিগত সহায়তায় তা আরও এগিয়েছে। বিএনপি সরকার সবসময় এ শিল্পের সম্প্রসারণের পাশাপাশি শ্রমিকদের নিরাপত্তা ও শ্রম অধিকার নিশ্চিত করতে সচেষ্ট ছিল বলেও উল্লেখ করেন তিনি।
রপ্তানি ও অভিবাসন খাতের চিত্র তুলে ধরে শামা ওবায়েদ জানান, বর্তমানে বিশ্বের ১৭৬টি দেশে দেড় কোটির বেশি বাংলাদেশি কর্মরত রয়েছেন। গত অর্থবছরে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ থেকে প্রায় ১৯ বিলিয়ন মার্কিন ডলার এবং যুক্তরাষ্ট্র প্রায় ৭ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলারের পোশাক আমদানি করেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, কূটনৈতিক মিশন ও বহুপাক্ষিক ফোরামের মাধ্যমে অভিবাসী কর্মীদের অধিকার রক্ষা এবং নিরাপদ, সুশৃঙ্খল ও দক্ষ অভিবাসন নিশ্চিত করতে কাজ করছে মন্ত্রণালয়।
গত অক্টোবরে জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলাদেশের স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের প্রস্তুতিমূলক সময়সীমা আরও তিন বছর বাড়ানোর অনুমোদনকে বাংলাদেশের প্রতি বিশ্বসম্প্রদায়ের আস্থার প্রতিফলন হিসেবে উল্লেখ করেন প্রতিমন্ত্রী। এ ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়ন, ডেনমার্ক, নেদারল্যান্ডস, সুইডেন, কানাডা ও আন্তর্জাতিক শ্রম সংস্থাসহ (আইএলও) উন্নয়ন সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
শামা ওবায়েদ বলেন, দেশের গুরুত্বপূর্ণ এই শিল্প রক্ষার দায়িত্ব শুধু সরকার, শ্রমিক কিংবা মালিকপক্ষের একার নয়। এটি সবার সম্মিলিত দায়িত্ব। পোশাক খাতে অস্থিরতা ও সড়কের বিশৃঙ্খলা প্রতিরোধে আন্তর্জাতিক সম্প্রদায়সহ সংশ্লিষ্ট সব পক্ষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
























