পুরোনো এসি বদলে ওয়ালটনের নতুন এসিতে ৩০ শতাংশ ছাড়

- সংবাদ প্রকাশের সময় : ০৩:০৭:১১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
যেকোনো ব্র্যান্ডের স্প্লিট, ক্যাসেট ও সিলিং টাইপ এসি বিনিময়ের সুযোগ; ৩ নভেম্বর থেকে চলছে ‘এসি স্মার্ট এক্সচেঞ্জ অফার’
পুরোনো এসি জমা দিয়ে নতুন ইনভার্টার এসি কেনার সুযোগ দিচ্ছে ওয়ালটন। প্রতিষ্ঠানটির ‘এসি স্মার্ট এক্সচেঞ্জ অফার’-এর আওতায় যেকোনো ব্র্যান্ডের পুরোনো এসি বদলে ওয়ালটনের পরিবেশবান্ধব ও বিদ্যুৎসাশ্রয়ী ইনভার্টার এসি কিনলে পাওয়া যাচ্ছে সর্বোচ্চ ৩০ শতাংশ নগদ ছাড়। আবাসিক ও বাণিজ্যিক—দুই ধরনের এসির ক্ষেত্রেই থাকছে এ সুবিধা।
সম্প্রতি রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত ‘এসি এক্সচেঞ্জ কার্নিভাল’ অনুষ্ঠানে এ অফারের বিস্তারিত তুলে ধরা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ইভা রিজওয়ানা নিলু, উপব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাজ্জাদ হোসেন, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর তানভীর আঞ্জুম, এসির চিফ বিজনেস অফিসার মো. তানভীর রহমান, চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ এবং হেড অব ডিস্ট্রিবিউটর নেটওয়ার্ক ফিরোজ আলমসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ওয়ালটন জানায়, দেশজুড়ে তাদের প্লাজা ও পরিবেশক শোরুমে যেকোনো ব্র্যান্ডের পুরোনো স্প্লিট, ক্যাসেট বা সিলিং টাইপ এসি জমা দিয়ে নতুন এসি কেনা যাবে। এর বিনিময়ে গ্রাহকেরা পৌনে এক টন থেকে আড়াই টন ক্ষমতার ইনভার্টার স্প্লিট এসি এবং দেড় থেকে পাঁচ টন ক্ষমতার ইনভার্টার ক্যাসেট ও সিলিং টাইপ এসি কিনতে পারবেন। মডেলভেদে নতুন এসির দামে সর্বোচ্চ ৩০ শতাংশ পর্যন্ত নগদ ছাড় দেওয়া হবে।
গত ৩ নভেম্বর ২০২৬ থেকে শুরু হওয়া এ অফার পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত চালু থাকবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
অনুষ্ঠানে ওয়ালটন এসির চিফ বিজনেস অফিসার মো. তানভীর রহমান বলেন, পরিবেশ সুরক্ষার অংশ হিসেবে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তর ও ইউএনডিপির সমন্বয়ে এসিতে পরিবেশের জন্য ক্ষতিকর সিএফসি ও এইচসিএফসি গ্যাসের ব্যবহার বন্ধ করেছে ওয়ালটন। প্রতিষ্ঠানটি আর-২৯০ ও আর-৩২ রেফ্রিজারেন্ট ব্যবহার করে এসি উৎপাদন ও বাজারজাত করছে বলেও জানান তিনি।
তানভীর রহমান বলেন, ওজোন স্তরের জন্য ক্ষতিকর গ্যাস ব্যবহার করা পুরোনো এসি পর্যায়ক্রমে বাজার থেকে সরিয়ে পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার বাড়াতে ২০১৯ সাল থেকে এক্সচেঞ্জ ক্যাম্পেইন চালাচ্ছে ওয়ালটন। এ উদ্যোগের মাধ্যমে পুরোনো বা অচল এসির পরিবর্তে গ্রাহকদের আর-৩২ ও আর-২৯০ রেফ্রিজারেন্টযুক্ত বিদ্যুৎসাশ্রয়ী ইনভার্টার এসি ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে।
তাঁর দাবি, এ উদ্যোগের ফলে কার্বন নিঃসরণ কমানোর পাশাপাশি গ্রাহকদের বিদ্যুৎ খরচও উল্লেখযোগ্য হারে কমানো সম্ভব। একই সঙ্গে দেশের বিদ্যুতের সুষম ব্যবহার নিশ্চিত করতেও এ ধরনের প্রযুক্তি ভূমিকা রাখছে।
প্রতিষ্ঠানটি আরও জানায়, বর্তমানে পৌনে এক টন থেকে আড়াই টন ক্ষমতার বিভিন্ন মডেলের ইনভার্টার স্মার্ট স্প্লিট এসি উৎপাদন ও বাজারজাত করছে ওয়ালটন। এসব মডেলের মধ্যে বিএসটিআইয়ের সর্বোচ্চ এনার্জি রেটিং সনদপ্রাপ্ত ‘সুপার সেভার’ সিরিজও রয়েছে। পাশাপাশি মাঝারি ও বড় স্থাপনার জন্য ভিআরএফ ও চিলার প্রযুক্তির পাশাপাশি দেড় থেকে পাঁচ টন ক্ষমতার ক্যাসেট ও সিলিং টাইপ ইনভার্টার এসিও তৈরি করছে প্রতিষ্ঠানটি।
ওয়ালটনের দাবি, এসির গুণগত মান নিশ্চিত করতে গ্রাহকদের এক বছরের রিপ্লেসমেন্ট সুবিধা এবং কম্প্রেসরে সর্বোচ্চ ১২ বছরের গ্যারান্টি দেওয়া হচ্ছে।


























