বন্যার প্রভাব ঝালকাঠির সবজির বাজারে, চড়া দামে বিপাকে ক্রেতারা

- সংবাদ প্রকাশের সময় : ১২:৪৯:০৮ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ২১ বার পড়া হয়েছে
বন্যা ও অতিবৃষ্টির প্রভাবে ঝালকাঠির সবজির বাজারে ঊর্ধ্বমুখী দাম। ক্ষেতের ফসল ক্ষতিগ্রস্ত হওয়া ও সরবরাহে বিঘ্নের কারণে বেশির ভাগ সবজিই বিক্রি হচ্ছে তুলনামূলক বেশি দামে। এতে বাড়তি খরচের চাপে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ক্রেতারা।
ঝালকাঠির বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বর্তমানে প্রতি কেজি ফুলকপি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪৫ টাকা, পাতাকপি ৩৫ থেকে ৪৫ টাকা, শালগম ৪০ থেকে ৬০ টাকা, বেগুন ৮০ টাকা, কাঁচা মরিচ ৪০ থেকে ৬০ টাকা, শিম ৭০ থেকে ১০০ টাকা, ভটভটি ৩৫ থেকে ৪০ টাকা এবং মুলা ৪০ টাকা দরে। এ ছাড়া আকারভেদে প্রতিটি লাউ বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বন্যা ও অতিবৃষ্টিতে বিভিন্ন এলাকার সবজির ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি উৎপাদন ও সরবরাহে বিঘ্ন ঘটায় বাজারে দামের ওপর প্রভাব পড়েছে। ফলে বাড়তি দামে সবজি কিনতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ।
ব্যবসায়ীদের ভাষ্য, বন্যার কারণে বিভিন্ন এলাকা থেকে সবজি আসছে কম। পাইকারি বাজারেই বেশি দামে কিনতে হচ্ছে তাঁদের। পরিবহন ও সরবরাহের এই সংকটের প্রভাব পড়ছে খুচরা বাজারে।
ক্রেতারা বলছেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের ব্যয়ের সঙ্গে সবজির বাড়তি দাম সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে। বন্যার দুর্ভোগের পাশাপাশি বাজারের এই চাপ তাঁদের দৈনন্দিন খরচ আরও বাড়িয়ে দিচ্ছে। তাঁদের দাবি, বাজারে সবজির সরবরাহ স্বাভাবিক রাখতে এবং দাম নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে হবে।





















