৫১ বস্তা টাকা, বিদেশি মুদ্রা ও স্বর্ণ-রুপা মিলল পাগলা মসজিদের দানবাক্সে
- সংবাদ প্রকাশের সময় : ১০:৪৫:১১ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে
চার মাস ২৫ দিন পর খুলল ১০টি দানবাক্স ও পাঁচটি ট্রাঙ্ক; গণনায় অংশ নিয়েছেন প্রায় ৬৮০ জন
দীর্ঘ চার মাস ২৫ দিনের অপেক্ষার অবসান ঘটিয়ে খুলেছে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স। শনিবার (২১ নভেম্বর) সকাল ৭টায় কঠোর নিরাপত্তার মধ্যে মসজিদের ১০টি দানবাক্স ও পাঁচটি ট্রাঙ্ক খোলা হয়। সেখান থেকে পাওয়া গেছে টাকা ভর্তি ৫১ বস্তা। এ ছাড়া সৌদি রিয়াল, মালয়েশিয়ান রিঙ্গিতসহ বিভিন্ন দেশের মুদ্রা, স্বর্ণ ও রুপাও পাওয়া গেছে।
জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়। পরে বস্তায় ভরে দানের অর্থ মসজিদের দ্বিতীয় তলায় নেওয়া হয়। সকাল ৯টা থেকে শুরু হয় টাকা গণনার কাজ।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সাত সদস্যের দানবাক্স খোলা উপকমিটি এ কার্যক্রম পরিচালনা করছে। গণনায় অংশ নিয়েছেন প্রায় ৬৮০ জন। তাঁদের মধ্যে রয়েছেন ৩৯০ জন মাদ্রাসাশিক্ষার্থী, ১৪ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, পাগলা মসজিদের ৩৫ জন শিক্ষক ও কর্মচারী, আটজন এসআরবি সদস্য, চারজন ফায়ার সার্ভিসকর্মী, ১৫০ জন ব্যাংক কর্মকর্তা-কর্মচারী, জেলা প্রশাসনের ২৪ কর্মচারী, ৪০ জন পুলিশ সদস্য এবং ১০ জন ব্যাটালিয়ন আনসার সদস্য।
এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক সোহানা নাসরিন, অতিরিক্ত পুলিশ সুপার শরীফুল হক, পাগলা মসজিদ পরিচালনা কমিটির সদস্যসচিব ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান মারুফ এবং রূপালী ব্যাংকের এজিএম মোহাম্মদ আলী হারেছী।
মসজিদ কর্তৃপক্ষ জানায়, দেশ-বিদেশ থেকে আসা ধর্মপ্রাণ মানুষ মানত, কৃতজ্ঞতা ও বিভিন্ন উদ্দেশ্যে পাগলা মসজিদে নগদ অর্থ, গবাদিপশু, স্বর্ণালংকার, রুপা এবং বৈদেশিক মুদ্রা দান করেন। এসব অর্থ মসজিদের উন্নয়ন, এতিম ও অসহায় মানুষের সহায়তা এবং বিভিন্ন জনকল্যাণমূলক কাজে ব্যয় করা হয়।
এর আগে প্রায় ছয় মাস পর মসজিদটির দানবাক্স খুলে পাওয়া গিয়েছিল ৪৩ বস্তা টাকা। প্রায় ১২ ঘণ্টা গণনা শেষে সেবার দানের পরিমাণ দাঁড়িয়েছিল ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা। তখনও সৌদি রিয়াল, মালয়েশিয়ান রিঙ্গিতসহ বিভিন্ন দেশের মুদ্রা এবং স্বর্ণ ও রুপা পাওয়া যায়।
জেলা প্রশাসক সোহানা নাসরিন জানান, এ পর্যন্ত পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া অর্থের পরিমাণ ১৩৩ কোটি ২১ লাখ ৮০ হাজার ৫৬৪ টাকা। অনলাইনে দান এসেছে আরও ৪৪ লাখ ৯ হাজার ৯৩৬ টাকা। এ ছাড়া এ পর্যন্ত দানবাক্সে পাওয়া গেছে ১৪৪ ভরি ১৪ আনা ৪ রতি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা এবং ১৭টি দেশের বৈদেশিক মুদ্রা। এসব মুদ্রার বাংলাদেশি মূল্য ৬৫ লাখ ৬২ হাজার ৭২৪ টাকা বলে জানান তিনি।





















