ভারতের মদদে দেশে অস্থিরতা তৈরির অপচেষ্টা চলছে: রিজভী

- সংবাদ প্রকাশের সময় : ০৭:০৫:১০ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে
ভারতের মদদে নতুন করে দেশে অস্থিতিশীলতা ও অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তাঁর দাবি, প্রশাসনের ভেতরে থাকা শেখ হাসিনার দোসররা এখনো সক্রিয়। তারা রাজনৈতিক অস্থিরতা উসকে দিতে আবারও সহিংসতার পথ বেছে নিচ্ছে।
শুক্রবার বিকেলে যশোরের বিডি হলে জেলা বিএনপি আয়োজিত সাবেক মন্ত্রী ও দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য প্রয়াত তরিকুল ইসলামের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী অভিযোগ করেন, দেশকে একক ব্যক্তির জমিদারিতে পরিণত করার মানসিকতা থেকে এখনো বেরিয়ে আসতে পারেনি একটি মহল। তাদের আন্দোলন চাঙা করতে নিজেদের দলীয় কর্মীর লাশ প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। এ লক্ষ্যেই খুনের রাজনীতির মাধ্যমে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে বলে তাঁর অভিযোগ।
তিনি বলেন, লুটপাটের সুযোগ হারিয়ে আওয়ামী লীগ আবারও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। তবে বর্তমান সরকার শেখ হাসিনার মতো রাষ্ট্রযন্ত্র ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করে বিরোধী মত নির্মূল করতে চায় না।
প্রয়াত তরিকুল ইসলামের রাজনৈতিক জীবন স্মরণ করে রিজভী বলেন, সংসদ সদস্য হওয়া আর প্রকৃত রাজনীতিক হয়ে ওঠা এক বিষয় নয়। তরিকুল ইসলাম ছিলেন একজন খাঁটি ও প্রাজ্ঞ রাজনীতিক। কায়েমি স্বার্থের ঊর্ধ্বে উঠে তিনি আজীবন জনগণ ও দেশের জন্য কাজ করেছেন।
তরিকুল ইসলাম স্বাধীনতার অন্যতম সংগঠক ছিলেন উল্লেখ করে রিজভী বলেন, তাঁর জীবনের এই অধ্যায়টি তুলনামূলকভাবে কম আলোচিত। তাঁর দীর্ঘ রাজনৈতিক ও সংগ্রামী জীবন নিয়ে আরও বিস্তৃত গবেষণার সুযোগ রয়েছে।
বিএনপির এই নেতা আরও বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিপ্লবী নেতা হিসেবে তরিকুল ইসলাম দলের কাছে ছিলেন আস্থার প্রতীক। আন্দোলন-সংগ্রামে দল তাঁর ওপর শতভাগ আস্থা রাখত এবং তিনি প্রতিবারই সেই দায়িত্ব সফলভাবে পালন করেছেন।
যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে স্মরণসভায় বন ও পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামসহ বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা বক্তব্য দেন। প্রতিকূল ও দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে বিপুলসংখ্যক নেতাকর্মী সভায় অংশ নেন।





















