খাদ্যসংকটে জঙ্গল ছেড়ে লোকালয়ে নগ্ন আদিবাসীরা

- সংবাদ প্রকাশের সময় : ০৫:১৮:২০ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে
শিশু ও নারীসহ ২০ সদস্যের একটি দল খাবারের সন্ধানে গ্রামে; বন উজাড়, অবৈধ দখল ও বহিরাগতদের আগ্রাসনে বিপন্ন আওয়া জনগোষ্ঠী
হাজার বছরের আবাস আমাজনের গভীর অরণ্য। বাইরের পৃথিবীর সঙ্গে প্রায় সম্পূর্ণ বিচ্ছিন্ন জীবনযাপন করা সেই অরণ্যবাসীরাই এবার খাবারের সন্ধানে হাজির হয়েছেন লোকালয়ে। শিশু ও নারীসহ নগ্নদেহী ২০ জন আদিবাসীর এমন আগমন উদ্বেগ তৈরি করেছে বিজ্ঞানী ও পরিবেশকর্মীদের মধ্যে। তাঁদের আশঙ্কা, বনভূমি ধ্বংস ও খাদ্যসংকটের চাপে অরণ্য ছেড়ে মানুষের সংস্পর্শে আসতে বাধ্য হচ্ছেন এসব আদিবাসী। এতে তাঁদের অস্তিত্বের পাশাপাশি স্বাস্থ্যও মারাত্মক ঝুঁকিতে পড়তে পারে।
ঘটনাটি ব্রাজিলের মারানহাও রাজ্যের আমাজন বর্ষাবনে। সম্প্রতি ওই অঞ্চলে বসবাসকারী আওয়া জনগোষ্ঠীর ২০ সদস্যের একটি দল বন ছেড়ে কাছের একটি গ্রামে পৌঁছান। আন্তর্জাতিক আদিবাসী অধিকারবিষয়ক সংগঠন সারভাইভাল ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী, সেখানে একটি সরকারি দলের সঙ্গে তাঁদের দেখা হয়। তাঁরা স্থানীয়দের কাছে ইয়াম বা কন্দজাতীয় খাবার চান। খাবার সংগ্রহের পর আবার বনে ফিরে যান।
তবে খাবার নিয়ে তাঁদের অরণ্যে ফিরে যাওয়া মানেই সংকটের অবসান নয়। বরং কেন তাঁরা নিজেদের চিরপরিচিত আবাস ছেড়ে লোকালয়ে আসতে বাধ্য হলেন, সেই প্রশ্নই সামনে এসেছে। ধারণা করা হচ্ছে, দীর্ঘদিনের খাদ্যসংকট ও বনভূমি ধ্বংসের কারণে তাঁদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
বিশ্বের সবচেয়ে বিপন্ন আদিবাসী জনগোষ্ঠীগুলোর একটি আওয়া সম্প্রদায়। শিকার এবং বনজ ফলমূলের ওপর নির্ভর করেই তাঁদের জীবন চলে। আমাজনের অরণ্যই তাঁদের খাদ্য, আশ্রয় ও দৈনন্দিন প্রয়োজন মেটানোর প্রধান উৎস। বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন এই জনগোষ্ঠীর জীবনধারা প্রকৃতির সঙ্গে নিবিড়ভাবে যুক্ত। কিন্তু অবৈধভাবে গাছ কাটা, বন্য প্রাণী শিকার এবং গবাদিপশু পালনের জন্য বনভূমি দখলের ঘটনায় তাঁদের ঐতিহ্যবাহী আবাসস্থল ক্রমেই সংকুচিত হচ্ছে।
মারানহাওয়ের আদিবাসী জনগোষ্ঠীর প্রতিনিধিত্বকারী সংগঠন কোয়াপিমার তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে আওয়া সম্প্রদায়ের সদস্যদের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। তাঁদের মধ্যে বিশেষ করে শিশু ও বয়স্কদের অপুষ্টিতে ভোগার লক্ষণ পাওয়া গেছে। খাদ্যের অভাবই তাঁদের লোকালয়ে আসার অন্যতম কারণ বলে ধারণা করা হচ্ছে।
মানুষের সংস্পর্শে আসার ঝুঁকিও কম নয়। দীর্ঘদিন বিচ্ছিন্ন পরিবেশে বসবাস করায় বাইরের পৃথিবীতে প্রচলিত বিভিন্ন সংক্রামক রোগের বিরুদ্ধে তাঁদের শরীরে পর্যাপ্ত রোগ প্রতিরোধক্ষমতা নাও থাকতে পারে। ফলে সাধারণ সর্দি-কাশি বা অন্য কোনো সংক্রমণও তাঁদের জন্য প্রাণঘাতী হয়ে উঠতে পারে। বিশেষজ্ঞদের আশঙ্কা, এ ধরনের যোগাযোগ তাঁদের স্বাস্থ্য ও জনগোষ্ঠীর টিকে থাকার ক্ষেত্রে বড় বিপর্যয় ডেকে আনতে পারে।
আওয়া জনগোষ্ঠীর ওপর বহিরাগতদের আগ্রাসন অবশ্য নতুন নয়। উনিশ শতকে ইউরোপীয়দের আগমনের পর থেকেই তাঁদের বনভূমি দখলের প্রক্রিয়া শুরু হয়। সেই চাপের মুখে সম্প্রদায়ের অনেক সদস্য যাযাবর জীবন বেছে নিতে বাধ্য হন। বর্তমানেও অবৈধ কাঠ পাচারকারী, শিকারি ও গবাদিপশু খামারিরা ক্রমাগত অরণ্যের ভেতরে প্রবেশ করছে। এর সঙ্গে দাবানল, ব্যাপক বন উজাড় ও জলবায়ু পরিবর্তনের প্রভাব পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
বনভূমি কমে যাওয়ার অর্থ শুধু আবাসস্থল হারানো নয়; এর সঙ্গে সংকুচিত হচ্ছে শিকারের ক্ষেত্র, খাদ্য সংগ্রহের সুযোগ এবং নিরাপদে চলাচলের পরিসর। ফলে প্রকৃতির ওপর নির্ভরশীল এই জনগোষ্ঠীর জীবনধারণ ক্রমেই কঠিন হয়ে পড়ছে।
আমাজনকে পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ জীববৈচিত্র্যের আধার এবং বৈশ্বিক জলবায়ু ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ বনাঞ্চল হিসেবে বিবেচনা করা হয়। সেই অরণ্যের ভেতরেই যদি বননির্ভর জনগোষ্ঠী খাদ্যের অভাবে লোকালয়ে আসতে বাধ্য হয়, তবে তা শুধু আদিবাসীদের সংকট নয়, বন উজাড় ও পরিবেশগত বিপর্যয়েরও সতর্কবার্তা। আওয়া জনগোষ্ঠীর এই ঘটনা আবারও সামনে এনেছে—অরণ্য ধ্বংসের মূল্য সবচেয়ে আগে দিতে হচ্ছে সেই মানুষদের, যাঁদের জীবন ও অস্তিত্বের সঙ্গে বন অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে।























