পশ্চিমাঞ্চলে তিন সেতুর অনুমোদন, দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবের আশা

- সংবাদ প্রকাশের সময় : ০৪:৪৫:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ১২ বার পড়া হয়েছে
ধলেশ্বরীর ওপর মাহমুদনগর, এসডিএস ও কাশিনগর সেতু নির্মাণের উদ্যোগ; উপকৃত হওয়ার প্রত্যাশা কয়েক লাখ মানুষের
পাঁচ দশকের বেশি সময় ধরে নদী পারাপারের দুর্ভোগে থাকা টাঙ্গাইলের পশ্চিমাঞ্চলের মানুষের যোগাযোগব্যবস্থায় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। ধলেশ্বরী নদীর ওপর তিনটি সেতু নির্মাণের প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এর মধ্যে রয়েছে ৬৫০ মিটার দীর্ঘ মাহমুদনগর সেতু, কাতুলী ইউনিয়নের ৩২০ মিটার এসডিএস সেতু এবং হুগড়া ইউনিয়নের ২৫০ মিটার কাশিনগর সেতু।
টাঙ্গাইল জেলায় অনুমোদন পাওয়া সাতটি সেতুর মধ্যে তিনটিই সদর উপজেলায়। সেতুগুলো নির্মিত হলে নদীবেষ্টিত এলাকার মানুষের যাতায়াত, শিক্ষা, চিকিৎসা ও কৃষিপণ্য পরিবহনে দীর্ঘদিনের ভোগান্তি কমবে বলে আশা করছেন স্থানীয়রা।
স্থানীয়দের কাছে এ উদ্যোগ কয়েক প্রজন্মের প্রত্যাশা পূরণের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি। প্রকল্পগুলো অনুমোদনের ক্ষেত্রে টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর ভূমিকার কথা তুলে ধরছেন তাঁর অনুসারী ও স্থানীয় বাসিন্দারা। নির্বাচনের আগে চরাঞ্চলের মানুষের যোগাযোগ দুর্ভোগ কমানোর যে প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন, প্রকল্প অনুমোদনের মধ্য দিয়ে তা বাস্তবায়নের পথে এগোচ্ছে বলে তাঁদের প্রত্যাশা।
বুধবার (১৮ নভেম্বর) প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকা ব্যয়ে ১৬টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতাধীন ‘উপজেলা, ইউনিয়ন ও গ্রাম সড়কে দীর্ঘ সেতু নির্মাণ’ প্রকল্পের মাধ্যমে দেশের ৪৮টি জেলায় ২৫৬টি সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ প্রকল্পের আওতায় টাঙ্গাইলের সাতটি সেতুর মধ্যে তিনটি সদর উপজেলায় নির্মিত হবে।
তিনটি সেতুর মধ্যে সবচেয়ে দীর্ঘ মাহমুদনগর সেতু। টাঙ্গাইল শহর থেকে প্রায় ১৪ কিলোমিটার পশ্চিমে ধলেশ্বরী নদীবেষ্টিত মাহমুদনগর ইউনিয়নের প্রায় ২৪টি গ্রামের ৩০ হাজার মানুষ দীর্ঘদিন ধরে সেতুর অভাবে দুর্ভোগ পোহাচ্ছেন। স্থানীয়দের দাবি, প্রায় ৫৫ বছর ধরে তাঁরা এ সেতুর অপেক্ষায় রয়েছেন।
বর্ষায় ঝুঁকি নিয়ে খেয়া নৌকায় নদী পার হতে হয়। শুকনো মৌসুমে পাড়ি দিতে হয় বিস্তীর্ণ বালুচর। এতে রোগীকে হাসপাতালে নেওয়া, শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত এবং কৃষিপণ্য বাজারজাত করতে ভোগান্তিতে পড়েন স্থানীয়রা। মাহমুদনগর সেতু নির্মিত হলে টাঙ্গাইল সদর, নাগরপুর ও সিরাজগঞ্জের চৌহালী উপজেলার মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপিত হবে। পাশাপাশি প্রায় ৩০ কিলোমিটার পথ কমে আসবে বলে আশা করছেন তাঁরা।
কাতুলী ইউনিয়নের এসডিএস এলাকায় ধলেশ্বরী নদীর ওপর সেতু নির্মিত হলে পশ্চিম টাঙ্গাইলের কয়েকটি ইউনিয়ন ও সিরাজগঞ্জের চৌহালী অঞ্চলের মানুষের যাতায়াত সহজ হবে। অন্যদিকে, হুগড়া ইউনিয়নের কাশিনগর সেতু নির্মিত হলে আশপাশের এলাকার শিক্ষার্থী, কৃষক ও ব্যবসায়ীদের উপজেলা শহরে যাতায়াতের দুর্ভোগ কমবে। তিনটি সেতু চালু হলে কৃষি, শিক্ষা, চিকিৎসা ও ব্যবসা-বাণিজ্যে নতুন যোগাযোগের সুযোগ তৈরি হবে বলে মনে করছেন স্থানীয়রা।
চরাঞ্চলের যোগাযোগব্যবস্থার উন্নয়ন ছিল টাঙ্গাইল-৫ আসনে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর অন্যতম নির্বাচনী অঙ্গীকার। নির্বাচনের আগে এক জনসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কাছে মাহমুদনগর ও কাশিনগরে সেতু নির্মাণসহ টাঙ্গাইলবাসীর সাতটি উন্নয়ন দাবি তুলে ধরেছিলেন তিনি। তারেক রহমানও দাবিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস দিয়েছিলেন।
এ ছাড়া প্রয়াত মাহমুদুল হাসানের রাজনৈতিক স্বপ্নের কথাও স্মরণ করেছিলেন টুকু। মাহমুদনগরে সেতু নির্মাণ এবং যমুনা নদীর পাশে বেড়িবাঁধ নির্মাণ ছিল তাঁর অন্যতম প্রত্যাশা। দায়িত্ব পালনের সুযোগ পেলে এসব কাজ সম্পন্ন করাকে নিজের নৈতিক দায়িত্ব হিসেবে দেখবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন টুকু।
প্রকল্প অনুমোদনের খবর ছড়িয়ে পড়ার পর টাঙ্গাইল সদর এলাকায় আনন্দ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা। কেউ মিষ্টি বিতরণ করেছেন, কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস জানিয়েছেন। তাঁদের প্রত্যাশা, দীর্ঘদিনের দাবি এবার বাস্তবায়নের দিকে এগোবে। তবে প্রকল্প অনুমোদনের পর সেতুগুলোর নির্মাণকাজ কবে শুরু হবে এবং কত দিনে শেষ হবে, সেটিও এখন তাঁদের আগ্রহের বিষয়।
টাঙ্গাইল স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভীন বলেন, একনেকে টাঙ্গাইলের সাতটি সেতু অনুমোদন পেয়েছে। এর মধ্যে তিনটি টাঙ্গাইল সদরে, সখীপুরে একটি, বাসাইলে দুটি এবং ধনবাড়ীতে একটি। সবচেয়ে বড় তিনটি সেতুই টাঙ্গাইল সদরে।
প্রকল্প অনুমোদনের প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘টাঙ্গাইল সদরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পথে এটি একটি বড় অগ্রগতি। মাহমুদনগর, এসডিএস ও কাশিনগর এলাকার মানুষের দুর্ভোগ দীর্ঘদিনের। নির্বাচনের আগে তাঁদের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে। এ জন্য মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। সেতুগুলো নির্মিত হলে পশ্চিম টাঙ্গাইলের মানুষের যোগাযোগ, শিক্ষা, চিকিৎসা ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক পরিবর্তন আসবে। এলাকার মানুষের আস্থার মর্যাদা রক্ষায় উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখব।’





















