তারেক রহমানের জন্মদিনে টাঙ্গাইলে এক হাজার এতিম শিশুকে খাওয়ালেন প্রতিমন্ত্রী টুকু

- সংবাদ প্রকাশের সময় : ১০:০৮:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ২৫ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে টাঙ্গাইলে ব্যতিক্রমী আয়োজন করেছেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। এ উপলক্ষে টাঙ্গাইল পৌর এলাকার বেবিস্ট্যান্ড জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানার প্রায় এক হাজার শিক্ষার্থীর জন্য দুপুরের খাবারের আয়োজন করেন তিনি।
শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মধ্যে খাবার পরিবেশন করা হয়। মেন্যুতে ছিল গরুর মাংস, ডাল ও ভাত। প্রতিমন্ত্রী নিজেও এতিম শিক্ষার্থীদের সঙ্গে বসে একই খাবার খান।
এর আগে ঢাকা থেকে সরাসরি টাঙ্গাইলে এসে বেবিস্ট্যান্ড এলাকার টাঙ্গাইল কেন্দ্রীয় গোরস্থান জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন সুলতান সালাউদ্দিন টুকু। নামাজের আগে মুসল্লিদের উদ্দেশে বক্তব্য দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া কামনা করেন তিনি।
জুমার নামাজ শেষে মাদ্রাসা ও এতিমখানার খাবার পরিবেশন কার্যক্রমে অংশ নেন প্রতিমন্ত্রী। এ সময় শিক্ষার্থী, শিক্ষক ও মুসল্লিদের অংশগ্রহণে তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহমেদুল হক সাতিল, সাবেক সহসভাপতি জিয়াউল হক শাহীন, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদসহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। এ ছাড়া মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় মুসল্লিরাও উপস্থিত ছিলেন।





















