জয়পুরহাটে ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

- সংবাদ প্রকাশের সময় : ১২:০২:৩৩ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় একটি ধানক্ষেত থেকে রাব্বি (১৭) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার থেকে নিখোঁজ থাকার পর শনিবার সকালে হন্তনাবাদ এলাকার একটি ধানক্ষেতে তাঁর মরদেহ পাওয়া যায়।
শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহত রাব্বি পাশের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার পিরব গ্রামের সাদ্দাম হোসেনের ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে রাব্বি নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি।
শনিবার সকালে হন্তনাবাদ এলাকার একটি ধানক্ষেতে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
রাব্বির মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানো হয়েছে।























