সীমান্তে বিস্ফোরকের চালান, দেশের ভেতরে নাশকতার কারখানা

- সংবাদ প্রকাশের সময় : ০৯:৩২:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ১২ বার পড়া হয়েছে

কক্সবাজারের টেকনাফে শনিবার (২১ নভেম্বর) রাতে বিশেষ অভিযান চালিয়ে শতাধিক ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি), বিস্ফোরক তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম, আগ্নেয়াস্ত্র ও ২৫৪ রাউন্ড গুলি উদ্ধার করে বিজিবি
চোরাই পথে গানপাউডার ও বিস্ফোরকের কাঁচামাল আনার অভিযোগ; টেকনাফে শতাধিক আইইডি, অস্ত্র ও গুলি উদ্ধার, রাজধানীতে তিন মাসে ১২১টি ককটেল বিস্ফোরণ
দেশে নাশকতা ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরির আশঙ্কার মধ্যে সীমান্ত দিয়ে বিস্ফোরক ও বিস্ফোরক তৈরির উপকরণ চোরাচালানের তথ্য সামনে এসেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি এড়িয়ে এসব উপকরণ দেশে ঢুকছে বলে গোয়েন্দা সূত্রের দাবি। পরে সেগুলো বিভিন্ন এলাকায় মজুত করে ককটেল ও হাতবোমা তৈরিতে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। সাম্প্রতিক রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় এই চোরাচালান নেটওয়ার্ক নিয়ে নতুন করে তৎপর হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
গোয়েন্দা সূত্র বলছে, রাজধানী ঢাকার পাশাপাশি দেশের আরও তিন জেলায় ককটেল তৈরির তথ্য পাওয়া গেছে। ঢাকার মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প, সাভার, আশুলিয়া, সাইনবোর্ড ও কেরানীগঞ্জসহ কয়েকটি এলাকায় ককটেল তৈরির অভিযোগ রয়েছে। হামলায় জড়িত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের সূত্র ধরে কারিগরদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তথ্য অনুযায়ী, গত তিন মাসে রাজধানীতে ১২১টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ১৯৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
নিরাপত্তা বিশ্লেষকদের মতে, বিস্ফোরণের পর অপরাধীদের গ্রেপ্তার করাই যথেষ্ট নয়। নাশকতা ঘটার আগেই বিস্ফোরকের উৎস, সরবরাহকারী, মজুতদার, কারিগর ও অর্থদাতাদের নিয়ে গড়ে ওঠা পুরো নেটওয়ার্ক শনাক্ত করতে হবে। তাঁদের আশঙ্কা, নজরদারি ও অভিযান চললেও সীমান্ত দিয়ে বিস্ফোরক ও কাঁচামালের প্রবেশ পুরোপুরি বন্ধ করা যাচ্ছে না।
সিলেট সীমান্তে বিস্ফোরক, ঢাকায় গানপাউডার উদ্ধার
সাম্প্রতিক কয়েকটি অভিযানে বিস্ফোরক ও সংশ্লিষ্ট সরঞ্জাম উদ্ধারের ঘটনা ঘটেছে। গত ১৪ নভেম্বর সিলেটের কানাইঘাট সীমান্ত থেকে ৪৮টি উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ১০০টি ডেটোনেটর ও ১১টি ফিউজ উদ্ধার করা হয়। ১৭ নভেম্বর জৈন্তাপুর সীমান্ত থেকে উদ্ধার করা হয় ৫০টি বিস্ফোরক জেল, ৪৮টি ডেটোনেটর ও ৫৯ ফুট ডেটোনেটর কর্ড।
এ ছাড়া গত মঙ্গলবার রাজধানী থেকে ২ কেজি ২৯০ গ্রাম গানপাউডারসহ আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। ডিবির তথ্য অনুযায়ী, গানপাউডারগুলো মেহেরপুর সীমান্ত দিয়ে ঢাকায় আনা হয়েছিল। এ চক্রের সঙ্গে জড়িত আরও দুজনকে গ্রেপ্তারে অভিযান চলছে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্র জানিয়েছে, নাশকতার আশঙ্কায় সীমান্ত দিয়ে বিস্ফোরক ও বিস্ফোরক তৈরির কাঁচামাল প্রবেশের ঝুঁকি বিবেচনায় নিয়ে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নজরদারি ও টহল বাড়ানো হয়েছে। বিস্ফোরক শনাক্তে ডগ স্কোয়াড, আধুনিক প্রযুক্তি এবং রাতে নাইট ভিশন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে।
পুলিশ সদরদপ্তরের এক বৈঠকেও দেশের সব সীমান্ত জেলায় নজরদারি বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে। সীমান্ত দিয়ে অস্ত্র, বিস্ফোরক কিংবা সন্দেহভাজন ব্যক্তির অনুপ্রবেশ ঠেকাতে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
রাসায়নিকের বাজার থেকে সীমান্তপথে চোরাচালান
স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) বোম্ব ডিসপোজাল ইউনিট সূত্র বলছে, সীমান্ত দিয়ে বিস্ফোরক ও বিস্ফোরক তৈরির কাঁচামাল আসার ঘটনা নতুন নয়। তবে রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার পরিস্থিতিতে এসব উপকরণের চাহিদা বাড়ার আশঙ্কা রয়েছে।
সম্প্রতি প্রেশার কুকার বোমা, ছাতা বোমা ও পাইপ বোমা উদ্ধারের পর বিস্ফোরক তৈরির কাঁচামাল নিয়ে উদ্বেগ বাড়ে। তখন রাজধানীর মিটফোর্ড এলাকায় বিস্ফোরক তৈরির উপকরণ বিক্রির তথ্য জানিয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য পুলিশ সদরদপ্তরকে লিখিতভাবে অবহিত করা হয়েছিল বলে সূত্রটি জানিয়েছে।
রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে বোমা ও ককটেল তৈরির কারিগররা যাতে সক্রিয় হতে না পারে, সে জন্য মিটফোর্ডসহ রাজধানীর বিভিন্ন এলাকার রাসায়নিকের দোকানে নজরদারি বাড়িয়েছে ডিবি পুলিশ।
একটি সূত্রের দাবি, শিল্প খাতে ব্যবহৃত কিছু রাসায়নিক অসাধু ব্যবসায়ীদের মাধ্যমে নাশকতাকারীদের হাতে পৌঁছাচ্ছে। এসব উপকরণের মধ্যে সালফার ও পটাশিয়াম ক্লোরেটের মতো রাসায়নিকের নাম উল্লেখ করা হয়েছে। রাসায়নিকের দোকানে পুলিশের নজরদারি বাড়ায় চোরাচালানকারীরা সীমান্তপথে উপকরণ আনার চেষ্টা করছে বলে সূত্রটির ধারণা।
কয়লার গাড়িতে বিস্ফোরক আনার অভিযোগ
একটি গোয়েন্দা প্রতিবেদনে দাবি করা হয়েছে, আওয়ামী লীগ-সমর্থক কিছু কয়লা ব্যবসায়ীর মাধ্যমে কয়লাবাহী গাড়িতে করে পার্শ্ববর্তী দেশ থেকে ককটেল ও বিস্ফোরকজাতীয় দ্রব্য বাংলাদেশে আনা হচ্ছে। এ কাজে বুড়িমারী স্থলবন্দর, শেরপুরের নাকুগাঁও স্থলবন্দর এবং সিলেটের জাফলং, মৌলভীবাজারের শমশেরনগর, কসবা ও আখাউড়া সীমান্ত এলাকা ব্যবহারের অভিযোগ রয়েছে।
গোয়েন্দা তথ্য অনুযায়ী, ঢাকা ছাড়াও শরীয়তপুরের নড়িয়া ও জামালপুরের মাদারগঞ্জে ককটেল তৈরির তথ্য পাওয়া গেছে। তবে এসব স্থানে কারা জড়িত, কী পরিমাণ উপকরণ মজুত রয়েছে এবং সরবরাহব্যবস্থা কীভাবে পরিচালিত হচ্ছে—তা তদন্তের বিষয়।
বিজিবি সদরদপ্তরের পরিচালক (অপারেশন) লে. কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান বলেন, বিস্ফোরক আসতে পারে—এমন বেশ কয়েকটি রুট শনাক্ত করে টহল ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে নজরদারি বাড়ানো হয়েছে। এসব রুট ছাড়াও অন্যান্য সীমান্ত এলাকায় কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।
ডিবি মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ রাকিব খান বলেন, মিরপুর থেকে সোয়া দুই কেজি গানপাউডার উদ্ধারের ঘটনার তদন্ত চলছে। তাঁর ধারণা, এত পরিমাণ গানপাউডার বড় ধরনের নাশকতার উদ্দেশ্যে আনা হয়েছিল। এ নেটওয়ার্কে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। তাঁদের গ্রেপ্তার করা গেলে এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য পাওয়া যাবে।
টেকনাফে শতাধিক আইইডি, অস্ত্র ও গুলি উদ্ধার
এদিকে কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে শতাধিক ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি), বিস্ফোরক তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম, আগ্নেয়াস্ত্র ও ২৫৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি। এ সময় চালকসহ একটি মোটরসাইকেল ও দুটি অটোরিকশাও জব্দ করা হয়।
শনিবার (২১ নভেম্বর) রাতে চালানো এ অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির কক্সবাজার রামু সেক্টরের কমান্ডার কর্নেল মো. আনোয়ার উল আলম।
উদ্ধার করা সরঞ্জামের মধ্যে রয়েছে ইলেকট্রিক তার, উন্নতমানের টুলস বক্স, একটি বিদেশি পিস্তল ও একটি দেশীয় আগ্নেয়াস্ত্র। এ ছাড়া শতাধিক আইইডি এবং বিস্ফোরক তৈরির বিভিন্ন উপকরণ পাওয়া গেছে।
কর্নেল মো. আনোয়ার উল আলম জানান, দেশের চলমান পরিস্থিতিতে বড় ধরনের নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে একটি সংঘবদ্ধ চক্র মিয়ানমার থেকে এসব বিস্ফোরক ও অস্ত্র সংগ্রহ করেছিল বলে তথ্য পাওয়া গেছে। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে এসব সরঞ্জাম উদ্ধার করা হয়।
এ বিষয়ে টেকনাফ বিজিবি ব্যাটালিয়নে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তথ্য জানানো হবে বলেও জানান তিনি।
চোরাচালান নেটওয়ার্ক শনাক্ত করাই বড় চ্যালেঞ্জ
সীমান্তে বিস্ফোরক উদ্ধারের একাধিক ঘটনা, রাজধানীতে গানপাউডারসহ গ্রেপ্তার এবং বিভিন্ন এলাকায় ককটেল তৈরির তথ্য—সব মিলিয়ে নিরাপত্তা বাহিনীর সামনে এখন সরবরাহব্যবস্থা শনাক্ত করার প্রশ্নটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। শুধু বিস্ফোরক উদ্ধার বা হামলার পর গ্রেপ্তার নয়, এসব উপকরণ কোথা থেকে আসছে, কারা পরিবহন ও মজুত করছে এবং কারা অর্থ জোগাচ্ছে—তা উদ্ঘাটন করা জরুরি।
তবে গোয়েন্দা প্রতিবেদনে উল্লিখিত রাজনৈতিক সংশ্লিষ্টতা, কয়লার গাড়িতে বিস্ফোরক আনার অভিযোগ কিংবা বিভিন্ন এলাকায় কারখানা থাকার তথ্য তদন্তে যাচাই হওয়া প্রয়োজন। অভিযোগের ভিত্তিতে কাউকে দায়ী না করে উদ্ধার করা আলামত, আটক ব্যক্তিদের জবানবন্দি, পরিবহন ও আর্থিক লেনদেনের তথ্য এবং সীমান্ত নজরদারির নথি মিলিয়ে পুরো চক্রের প্রকৃত চিত্র নির্ধারণ করতে হবে।




















