নিয়োগের অপেক্ষায় ১০ হাজার কনস্টেবল ও ৪ হাজার এসআই

- সংবাদ প্রকাশের সময় : ০৮:৫৭:০০ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
চলমান প্রক্রিয়ায় ৬ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা; বাকি ৬ হাজার পদে আসতে পারে নতুন বিজ্ঞপ্তি
বাংলাদেশ পুলিশের জনবল বাড়াতে ১৪ হাজার নতুন পদ সৃজনের অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্যে ১০ হাজার কনস্টেবল ও চার হাজার উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র) পদ রয়েছে। নতুন এসব পদ রাজস্ব খাতে অস্থায়ীভাবে সৃজন করা হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সম্মতি এবং প্রয়োজনীয় প্রশাসনিক অনুমোদন পাওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-৩ শাখা থেকে গত ১৫ নভেম্বর এ বিষয়ে পৃথক দুটি সরকারি মঞ্জুরি আদেশ জারি করা হয়েছে। আদেশ অনুযায়ী, বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের সাংগঠনিক কাঠামোয় নতুন পদগুলো যুক্ত হবে। পুলিশের জনবল ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে মন্ত্রণালয়ের আদেশে উল্লেখ করা হয়েছে।
নতুন পদগুলোর বেতন-ভাতা পুলিশ বাজেটের সংশ্লিষ্ট খাত থেকে মেটানো হবে। নিয়োগের পরবর্তী কার্যক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগের আরোপিত শর্ত এবং প্রচলিত বিধিবিধান অনুসরণ করতে হবে।
এসআই পদে বেতন গ্রেড-১০, কনস্টেবলে গ্রেড-১৭
অনুমোদিত চার হাজার এসআই (নিরস্ত্র) পদ জাতীয় বেতন স্কেলের গ্রেড-১০-এর অন্তর্ভুক্ত। এ পদে বেতন স্কেল ৩২ হাজার থেকে ৭৭ হাজার ৩০০ টাকা। ‘পুলিশ রেগুলেশনস অব বেঙ্গল অ্যাক্ট, ১৯৪৩’ অনুসরণ করে এসব পদে নিয়োগ দেওয়া হবে।
অন্যদিকে, ১০ হাজার কনস্টেবল পদ সৃজন করা হয়েছে গ্রেড-১৭-তে। এ পদের বেতন স্কেল ২১ হাজার ৪০০ থেকে ৫১ হাজার ৯০০ টাকা। কনস্টেবল পদে আবেদনের জন্য এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পাশাপাশি শারীরিকভাবে সক্ষম হতে হবে। নিয়োগের ক্ষেত্রে পুলিশ রেগুলেশনস অব বেঙ্গল অ্যাক্ট, ১৯৪৩ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ১৯৯০ সালের ৭ মে জারি করা নির্দেশনা অনুসরণ করতে হবে।
অনুমোদনের প্রক্রিয়া সম্পন্ন
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নথি অনুযায়ী, চার হাজার এসআই পদ সৃজনে জনপ্রশাসন মন্ত্রণালয় গত ৩ আগস্ট সম্মতি দেয়। এরপর অর্থ বিভাগের সংশ্লিষ্ট শাখাগুলো ৫ ও ৮ অক্টোবর এবং মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনিক উন্নয়ন ও সমন্বয়-১ অধিশাখা ৫ নভেম্বর সম্মতি দেয়।
একইভাবে ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের ক্ষেত্রেও জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ বিভাগ ও মন্ত্রিপরিষদ বিভাগের প্রয়োজনীয় সম্মতি নেওয়া হয়েছে।
চলমান নিয়োগে ছয় হাজার কনস্টেবল
এদিকে কনস্টেবল নিয়োগের একটি কার্যক্রম আগে থেকেই চলমান রয়েছে। গত ৯ অক্টোবর প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে এ নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। ৩০ অক্টোবর আবেদন গ্রহণ শেষ হওয়ার পর পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, সারা দেশ থেকে আবেদন করেছেন এক লাখ দুই হাজার ৬৯৪ জন চাকরিপ্রার্থী।
চলমান নিয়োগ কার্যক্রমে আগে থেকে শূন্য থাকা দুই হাজার কনস্টেবল পদের পাশাপাশি নতুন অনুমোদিত ১০ হাজার পদের মধ্য থেকে আরও চার হাজার পদ যুক্ত করার পরিকল্পনা রয়েছে। সব মিলিয়ে এ প্রক্রিয়ায় ছয় হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হতে পারে। অবশিষ্ট ছয় হাজার পদ পূরণে পরবর্তী সময়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, নতুন সৃজিত চার হাজার এসআই পদে সরাসরি নিয়োগের প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে এ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন গ্রহণ ও পরীক্ষার সময়সূচি নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।





















