ভ্যাটের চাপে দরিদ্র, আয়করের ফাঁক গলে বেরিয়ে যাচ্ছেন ধনীরা

- সংবাদ প্রকাশের সময় : ১০:৫৩:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
আয়ের প্রায় ২০ শতাংশই ভ্যাটে দিচ্ছে দরিদ্র ১০ শতাংশ পরিবার, ধনীদের ক্ষেত্রে এই হার মাত্র ২.৮ শতাংশ; শ্রমশক্তির নিয়মিত করদাতা মাত্র ৩.৫৭ শতাংশ
একই দেশে বসবাস, একই বাজার থেকে পণ্য কেনা—কিন্তু করের বোঝা বহনে দুই শ্রেণির মানুষের মধ্যে আকাশ-পাতাল পার্থক্য। সবচেয়ে দরিদ্র ১০ শতাংশ পরিবার তাদের আয়ের প্রায় ২০ শতাংশই মূল্যসংযোজন কর বা ভ্যাট হিসেবে পরিশোধ করছে। বিপরীতে সবচেয়ে ধনী ১০ শতাংশ পরিবারের আয়ের মাত্র ২ দশমিক ৮ শতাংশ যাচ্ছে ভ্যাটের পেছনে। অর্থাৎ আয় যত কম, আয়ের তুলনায় ভ্যাটের চাপ তত বেশি।
বেসরকারি গবেষণা সংস্থা রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের (র্যাপিড) নতুন গবেষণায় দেশের করব্যবস্থার এমন বৈষম্যমূলক চিত্র উঠে এসেছে। শনিবার (২১ নভেম্বর) ঢাকায় এক অনুষ্ঠানে গবেষণার ফলাফল তুলে ধরেন সংস্থাটির চেয়ারম্যান এম এ রাজ্জাক। গবেষণাটি যৌথভাবে পরিচালনা করেছেন র্যাপিডের গবেষণা পরিচালক মো. দীন ইসলাম ও সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট তাহসিন রিফাত।
গবেষণার তথ্য বলছে, কর আদায়ের কাঠামোতে পরোক্ষ করের চাপ তুলনামূলকভাবে বেশি পড়ছে নিম্ন আয়ের মানুষের ওপর। অথচ উচ্চ আয়ের মানুষের কাছ থেকে প্রত্যক্ষ কর আদায়ের যে সম্ভাবনা রয়েছে, তার পুরোটা কাজে লাগানো যাচ্ছে না। ফলে একদিকে দরিদ্রের আয়ের বড় অংশ কর হিসেবে চলে যাচ্ছে, অন্যদিকে ধনীদের কাছ থেকে রাজস্ব আদায়ের সুযোগও রয়ে যাচ্ছে।
গ্রামে ভ্যাটের বোঝা আরও ভারী
ভ্যাটের চাপ শুধু আয়ভেদে নয়, অঞ্চলভেদেও আলাদা। শহরের তুলনায় গ্রামের দরিদ্র পরিবারগুলোকে আয়ের বড় অংশ ভ্যাট হিসেবে দিতে হচ্ছে। গবেষণায় দেখা গেছে, গ্রামের সবচেয়ে দরিদ্র পরিবারগুলোর আয়ের ২৩ শতাংশেরও বেশি ব্যয় হয় ভ্যাট পরিশোধে। শহরের দরিদ্র পরিবারগুলোর ক্ষেত্রে এই হার প্রায় ১৬ দশমিক ৫ শতাংশ।
অর্থাৎ গ্রামীণ দরিদ্র পরিবারের ওপর ভ্যাটের আপেক্ষিক চাপ শহরের একই শ্রেণির পরিবারের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। সীমিত আয়ের মধ্যে খাদ্য, পোশাক ও নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতেই যখন বড় অংশ ব্যয় করতে হয়, তখন এসব পণ্যের সঙ্গে যুক্ত ভ্যাট তাদের আর্থিক সংকট আরও বাড়িয়ে তুলতে পারে।
আয়করের বড় সম্ভাবনা, আদায়ে ঘাটতি
গবেষণায় উঠে এসেছে, দেশের মোট পারিবারিক আয়ের ৪০ শতাংশের বেশি নিয়ন্ত্রণ করেন শীর্ষ ১০ শতাংশ ধনী পরিবার। বিদ্যমান করহার অনুযায়ী, সম্ভাব্য মোট ব্যক্তি আয়করের ৯৩ শতাংশের বেশি আসার কথা এই শ্রেণি থেকে। অন্যদিকে নিচের দিকের ৭০ শতাংশ পরিবারের আয়করের কোনো দায় নেই।
কিন্তু বাস্তবে আয়কর আদায়ের চিত্র সেই সম্ভাবনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। দেশের মোট শ্রমশক্তির মাত্র ৩ দশমিক ৫৭ শতাংশ মানুষ নিয়মিত আয়কর দেন। ই-টিআইএনধারীদের মধ্যেও রিটার্ন জমার হার কম। ব্যক্তিপর্যায়ে রিটার্ন দাখিলের হার ৪৩ দশমিক ১ শতাংশ; প্রতিষ্ঠানের ক্ষেত্রে তা আরও কম, মাত্র ২৩ দশমিক ৬ শতাংশ।
এই পরিসংখ্যান করজালের সীমাবদ্ধতা এবং করদাতাদের মধ্যে নিয়মিত রিটার্ন দাখিল না করার প্রবণতা তুলে ধরে। একই সঙ্গে উচ্চ আয়ের মানুষের কাছ থেকে প্রত্যক্ষ কর আদায়ের সক্ষমতা নিয়েও প্রশ্ন তৈরি করে।
কর আদায় নয়, ন্যায্যতাও জরুরি
অনুষ্ঠানে র্যাপিডের চেয়ারম্যান এম এ রাজ্জাক বলেন, রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনের পাশাপাশি ন্যায্যতা, স্বচ্ছতা ও নাগরিক সেবা নিশ্চিত করতে হবে। দেশে বৈষম্য দ্রুত বাড়ছে উল্লেখ করে তিনি বলেন, সমপরিমাণ আয়ের ওপর সমহারে কর এবং বেশি আয়ের মানুষের ওপর বেশি কর আরোপ করা হলে করব্যবস্থা বৈষম্যহীন হবে। এতে রাজস্ব প্রশাসনের প্রতি জনগণের আস্থাও বাড়বে।
সম্পদ কর থেকে সরে সরকারের নজর সারচার্জে
অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদার জানান, রাজস্ব পুনরুদ্ধারের কার্যকর উপায়গুলো খতিয়ে দেখছে সরকার। তবে চলতি বছর সম্পদ কর চালুর প্রস্তাব থেকে সরে এসেছে সরকার।
এর কারণ ব্যাখ্যা করে অর্থসচিব বলেন, উত্তরাধিকার সূত্রে পাওয়া দামি সম্পদের মালিকদের কাছে ওই সম্পদের বিপরীতে কর দেওয়ার মতো নগদ অর্থ নাও থাকতে পারে। এ বিবেচনায় নতুন করে সম্পদ কর আরোপ না করে বিদ্যমান সারচার্জ পুনর্বিন্যাসের ওপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।
র্যাপিডের গবেষণা করব্যবস্থার সামনে দুটি বড় চ্যালেঞ্জ তুলে ধরেছে—নিম্ন আয়ের মানুষের ওপর পরোক্ষ করের চাপ কমানো এবং উচ্চ আয়ের ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে প্রাপ্য আয়কর আদায় নিশ্চিত করা। রাজস্ব বাড়ানোর লক্ষ্য পূরণ করতে গিয়ে যদি করের বোঝা আয়ের অনুপাতে ন্যায্যভাবে বণ্টিত না হয়, তাহলে বৈষম্য কমানোর বদলে তা আরও বাড়ার ঝুঁকি থেকেই যাবে।





















