অগ্নিসন্ত্রাস ও সহিংসতা দেশের কল্যাণ বয়ে আনে না: রাবিপ্রবি উপাচার্য

- সংবাদ প্রকাশের সময় : ০৬:১৫:৩৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
অগ্নিসংযোগ, নাশকতা ও পারস্পরিক হানাহানি কোনোভাবেই দেশের জন্য মঙ্গলজনক নয় বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী। তিনি বলেছেন, দেশব্যাপী সহিংসতা ও নাশকতার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে ধ্বংসাত্মক কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
রোববার (২২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দেশব্যাপী নাশকতা, অগ্নিসংযোগ ও সহিংসতার প্রতিবাদে আয়োজিত র্যালি-পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপাচার্য।
এর আগে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১-এর সামনে থেকে প্রতিবাদ র্যালি বের করা হয়। র্যালিটি লাইব্রেরি ও একাডেমিক ভবন প্রদক্ষিণ করে বিজয় স্মৃতিস্তম্ভের সামনে গিয়ে শেষ হয়। পরে প্রশাসনিক ভবন-১-এর সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপাচার্য বলেন, সাম্প্রতিক সময়ে দেশে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো অত্যন্ত দুর্ভাগ্যজনক। এসব নাশকতার পেছনে যারা রয়েছে, তাদের শনাক্ত করে বিচারের মুখোমুখি করতে হবে। ভবিষ্যতে এ ধরনের অন্যায্য ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিবাদ জানাতে হবে।
শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান ও শিক্ষার স্বাভাবিক পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, মানবিক সমাজ প্রতিষ্ঠা এবং শিক্ষিত ও দক্ষ জনগোষ্ঠী গড়ে তুলতে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। বাংলাদেশ সবার—জাতীয় ঐক্য বজায় রেখেই দেশকে এগিয়ে নিতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম বলেন, বাংলাদেশ শান্তিপূর্ণ দেশ। এখানে সব শ্রেণি-পেশার মানুষের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কিন্তু সাম্প্রতিক সময়ে চোরাগোপ্তা হামলা, অগ্নিসংযোগ ও সহিংস কর্মকাণ্ড একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য কাম্য নয়। দেশি-বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি দেশের সব বিশ্ববিদ্যালয়ে এ ধরনের প্রতিবাদ অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, সহিংসতা ও নাশকতার কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম যেন ব্যাহত না হয়, সে জন্য সরকারকে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে। বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের সচেতন থাকতে হবে এবং অন্যদেরও সচেতন করতে হবে। সুন্দর, স্বনির্ভর ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
সমাবেশে অন্য বক্তারাও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা, শান্তি ও শিক্ষার পরিবেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান জানান। তাঁরা বলেন, দেশকে এগিয়ে নিতে গণতান্ত্রিক চর্চা, সামাজিক সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার পাশাপাশি শিক্ষার অধিকার সুরক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জুনাইদ কবিরের সভাপতিত্বে সমাবেশে সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন ড. তৌহিদুল আলম, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, প্রক্টর, প্রভোস্ট, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।























