টানা বৃষ্টিতে কুমিল্লায় শীতকালীন সবজির আবাদে বিপর্যয়ের শঙ্কা

- সংবাদ প্রকাশের সময় : ০৫:৪৩:৫৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
পানি জমে নষ্ট হচ্ছে বীজতলা, হেলে পড়েছে মুলাগাছ; প্রায় এক হাজার হেক্টর জমির সবজি আক্রান্তের তথ্য কৃষি বিভাগের
হেমন্তের মাঝামাঝি সময়ে টানা চার দিনের বৃষ্টিতে কুমিল্লায় শীতকালীন সবজির আবাদ নিয়ে দেখা দিয়েছে বড় ধরনের শঙ্কা। বৃষ্টির পানিতে তলিয়ে যাচ্ছে ক্ষেত ও বীজতলা। কোথাও মুলাসহ বিভিন্ন সবজির গাছ হেলে পড়েছে, আবার কোথাও জমে থাকা পানিতে পচন ধরছে চারাগাছে। এতে আসন্ন শীত মৌসুমে উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কার পাশাপাশি আর্থিক ক্ষতির মুখে পড়েছেন কৃষকেরা।
শনিবার (২১ নভেম্বর) জেলার চান্দিনা, দেবীদ্বার ও বুড়িচংসহ বিভিন্ন উপজেলার সবজিক্ষেত ঘুরে এমন চিত্র দেখা গেছে। টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক বীজতলা। ঝুঁকিতে পড়েছে মুলা, ধনেপাতা, ফুলকপি, বাঁধাকপি, শসাসহ বিভিন্ন শীতকালীন সবজির আবাদ। কোথাও জমিতে পানি জমে আছে, আবার কোথাও বৃষ্টির তোড়ে গাছ মাটিতে হেলে পড়েছে। নিজেদের সাধ্যমতো পানি নিষ্কাশন ও ফসল রক্ষার চেষ্টা করছেন কৃষকেরা।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি শীত মৌসুমে কুমিল্লায় ১১ হাজার ৯৫০ হেক্টর জমিতে শাকসবজি আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরই মধ্যে ৯ হাজার ৯৯০ হেক্টর জমিতে ফুলকপি, বাঁধাকপি, মুলা, লালশাক, টমেটো ও ধনেপাতাসহ বিভিন্ন শীতকালীন সবজির আবাদ করেছেন কৃষকেরা। বাকি জমিতে আবাদ কার্যক্রম চলমান রয়েছে।
গত বুধবার (১৮ নভেম্বর) থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে আবাদ করা সবজির ক্ষেত ও বীজতলা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি নতুন করে চারা রোপণের প্রস্তুতিও ব্যাহত হচ্ছে। মৌসুমের শুরুতেই এমন পরিস্থিতিতে উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
কৃষকদের আশঙ্কা, জমিতে দীর্ঘ সময় পানি জমে থাকলে সবজির শিকড় পচে গাছ নষ্ট হয়ে যেতে পারে। বিশেষ করে মুলা, ফুলকপি ও বাঁধাকপির মতো সবজিতে অতিরিক্ত আর্দ্রতার কারণে পচন ও রোগের প্রকোপ বাড়তে পারে। এতে উৎপাদন কমে যাওয়ার পাশাপাশি বাজারে সরবরাহেও প্রভাব পড়তে পারে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রাথমিক হিসাবে, ইতোমধ্যে প্রায় এক হাজার হেক্টর জমির শাকসবজি মারাত্মকভাবে আক্রান্ত হয়েছে।
চান্দিনা উপজেলার তুলাতলী গ্রামের কৃষক জাহাঙ্গীর আলম জানান, তিনি দুই দফায় মোট ৬০ শতাংশ জমিতে মুলার চাষ করেছেন। এর মধ্যে ৩০ শতাংশ জমির মুলাগাছ বেশ বড় হয়ে উঠেছিল। আগামী ৮ থেকে ১০ দিনের মধ্যে সেগুলো তোলার উপযোগী হওয়ার কথা ছিল। বৃষ্টির আগে পাইকারেরা ওই জমির মুলা ৫৫ হাজার টাকায় কিনতে চেয়েছিলেন। কিন্তু টানা বৃষ্টিতে অধিকাংশ গাছ হেলে পড়েছে। মুলায় দাগ পড়ার আশঙ্কা থাকায় এখন ভালো দাম পাওয়া নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন তিনি।
জাহাঙ্গীর আলম আরও বলেন, অন্য জমিতে সদ্য মুলার চারা গজিয়েছে। বৃষ্টির পানিতে সেসব চারাও পচে যাচ্ছে। শনিবার সকালে বৃষ্টি থেমেছে ভেবে পচনরোধী ওষুধ ছিটাতে শুরু করেছিলেন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই আবার বৃষ্টি শুরু হওয়ায় ওষুধ কার্যকর হওয়ার সুযোগ পায়নি। এখন কীভাবে ফসল রক্ষা করবেন, তা বুঝে উঠতে পারছেন না।
চান্দিনা উপজেলা কৃষি কর্মকর্তা মোরশেদ আলম বলেন, টানা বৃষ্টিতে মুলা, টমেটো, ফুলকপি, বাঁধাকপি ও শসাসহ বিভিন্ন শাকসবজি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে বীজতলাগুলো ঝুঁকির মধ্যে পড়েছে। বৃষ্টি থামার কয়েক দিন পর মাঠপর্যায়ে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হবে। আপাতত কৃষকদের জমিতে জমে থাকা পানি দ্রুত নিষ্কাশনের পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি ফসলের অবস্থা পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় কৃষি পরামর্শ দেওয়া হচ্ছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মিজানুর রহমান বলেন, আক্রান্ত জমির পরিমাণ আরও বাড়তে পারে। রোববার রোদ উঠলে ক্ষয়ক্ষতির পরিমাণ কিছুটা কমে আসতে পারে। তবে বৃষ্টি অব্যাহত থাকলে আক্রান্ত জমির পরিমাণ ও ক্ষতির মাত্রা—দুটিই বাড়ার আশঙ্কা রয়েছে।

























